মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও স্বাধীনতা-পরবর্তী পরিস্থিতির কথা নতুন প্রজন্ম তথা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে গতকাল সোমবার অনুষ্ঠিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে। ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধসহ দেশের জন্য অবদান রাখা বিশিষ্ট পাঁচ গুণীজনকে সম্মাননা জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ভাষাসৈনিক আবদুল মতিন, কর্নেল (অব.) জিয়াউদ্দিন বীর উত্তম এবং মরণোত্তর সম্মাননা জানানো হয় মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী, ভাষাসৈনিক অলি আহাদ ও সাংবাদিক আতাউস সামাদকে। মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁদের স্বজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা গণপরিষদের মহাসচিব সাদেক আহমেদ খান।সম্মাননা পাওয়া কর্নেল (অব.) জিয়াউদ্দিন এ সম্মাননাকে ‘বিরল সম্মান’ বলে উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের জানানোর মাধ্যমে দেশকেও সম্মান জানাতে হবে। অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) আমীন আহম্মেদ চৌধুরী বলেন, ‘ভাষা আন্দোলনের ওপর ভর করেই আমরা বাংলাদেশের স্বাধীনতার দিকে এগিয়ে গেছি। এর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের জানতে হবে।’ গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একক কোনো ব্যক্তির দ্বারা দেশের স্বাধীনতা অর্জিত হয়নি। যাঁরা যুদ্ধ করেছেন, তাঁদের অবদানের কথা সবাইকে মনে রাখতে হবে।’ নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান মান্না বলেন, টাঙ্গাইলের নির্বাচন প্রমাণ করে, জনগণ এখন আওয়ামী লীগ বা বিএনপিকে আর চায় না। তাই ‘এ’ বা ‘বি’ ছেড়ে এখন জনগণ ‘সি’ বা তৃতীয় সরকার দেখতে চায়।সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে দুই দলের বন্ধুত্বের প্রতিযোগিতা থামিয়ে দেশের সমস্যা সমাধানের জন্যই আলোচনা করতে হবে। কর্নেল সাজ্জাদ জহির বীর প্রতীক বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, ১০০ বছর পর হয়তো বলা হবে, ১৯৭১ সালে বাংলাদেশে একটি বড় গণ্ডগোল হয়েছিল।