মুক্তিযোদ্ধাদের গৃহকর মওকুফ
রাজধানীতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের বাড়ির ১ হাজার ৫০০ বর্গফুট আয়তন পর্যন্ত গৃহকর (হোল্ডিং ট্যাক্স) মওকুফের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও পুনর্মিলনীতে এ ঘোষণা দেওয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি ও ডিএসসিসি। এতে প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে এক হাজার বর্গফুট পর্যন্ত গৃহকর মওকুফ করে এই দুই সিটি করপোরেশন।
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। অথচ স্বাধীনতার এত দিন পরও তাঁদের চাহিদা আমরা পূরণ করতে পারিনি। ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় তাঁদের হোল্ডিং ট্যাক্স মওকুফের আবেদন করেছেন। এটা আমাদের জন্য দুঃখজনক ও লজ্জার। তাই ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় সব মুক্তিযোদ্ধার ১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে।’ এ সময় ডিএনসিসির মেয়র আনিসুল হকও তাতে সম্মতি জানান।
সাঈদ খোকন বলেন, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে শিগগিরই ডিএসসিসি ও ডিএনসিসিতে পৃথক তহবিল গঠন করা হবে। এ ছাড়া কেউ সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টার ব্যবহার করতে চাইলে বিশেষ ছাড়ে ভাড়া দেওয়া হবে।
ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, ‘এ দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধার গল্প একেকটি ইতিহাস। তাঁদের এ আত্মত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। স্বাধীনভাবে চলাচল করতে পারি। তাঁদের জন্য ডিএনসিসি ও ডিএসসিসির যা যা করার দরকার সবই করবে।’
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রমুখ বক্তব্য দেন।