বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে গতকাল রাজধানীতে শোক মিছিল করেছে মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার কয়েক হাজার মুক্তিযোদ্ধা বুকে কালো ব্যাজ ধারণ করে মিছিলে অংশ নেন।বেলা ১১টার দিকে মানিক মিয়া এভিনিউ থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় সংগঠনের পতাকা অর্ধনমিত রাখা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান ও মহাসচিব এমদাদ হোসেন শোক মিছিলে নেতৃত্ব দেন।মিছিলের শুরুতে প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যাঁরা পলাতক, তাঁদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা করা হবে।মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান বলেন, ‘আজকের দিনে আমাদের শপথ, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করা, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা।’এ সময় সংগঠনের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, মাহমুদুল হক, সুলতান উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।