মুক্তিযোদ্ধা সমাবেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সমাবেশে কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সময় পাওয়ার পর চলতি মার্চ মাসেই ঢাকায় মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশের আয়োজন করা হবে।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সামনে অনুষ্ঠিত সমাবেশে হেলাল মোর্শেদ খান এ কথা বলেন।সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এখন থেকে যেখানেই জামায়াত-শিবির, সেখানেই প্রতিরোধ গড়ে তোলারও অঙ্গীকার করেন তাঁরা।এর আগে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি, পুলিশ ও সংখ্যালঘুদের ওপর হামলাসহ দলটির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে মৎস্য ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা মহানগরসহ (উত্তর ও দক্ষিণ) সব প্রাতিষ্ঠানিক কমান্ড ও ঢাকা জেলা কমান্ডের প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি।