মুক্তিযোদ্ধাদের জন্য পৌনে তিন হাজার কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে এক লাখ মুক্তিযোদ্ধাকে ৯০০ টাকা করে সম্মানী ভাতা দেওয়া হতো। বর্তমানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়িয়ে দেড় লাখ করা হয়েছে এবং সম্মানী ভাতা দুই হাজার টাকা করা হয়েছে। বছরে এ খাতে সরকারের খরচ হচ্ছে ৪০০ কোটি টাকা।মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম গতকাল সোমবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান। মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।বেলা তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে হেলাল মোর্শেদ খান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক কল্যাণের জন্য বর্তমান সরকার প্রায় পৌনে তিন হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এসবের অনেকগুলোর কাজ শেষ হয়েছে, বাকি কাজগুলোও দ্রুত এগিয়ে চলেছে। আশা করা যায়, চলতি মেয়াদেই বাকিগুলোর কাজ শেষ হবে। অনুষ্ঠানে আরও জানানো হয়, মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নের জন্য সম্মানী ভাতা বৃদ্ধি ছাড়াও উন্নত চিকিৎসা প্রদান, সন্তানদের চাকরি নিশ্চিত করাসহ এ ধরনের ২৬টি কল্যাণমূলক কাজ হাতে নিয়েছে বর্তমান সরকার। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষুদ্রঋণের প্রকল্প নেওয়া হচ্ছে। এ ছাড়া বর্তমান সরকার জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থান সংরক্ষণ, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের স্থান সংরক্ষণ, বধ্যভূমি সংরক্ষণ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র তৈরি, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গ্রন্থাগার ও এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক জাদুঘর প্রতিষ্ঠা ইত্যাদি। অনুষ্ঠানে কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, মহাসচিব, যুগ্ম মহাসচিব ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।