মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দিয়েছে ভারত সরকার
দেশের সার্বিক উন্নয়নে তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে। আর তাই তাদের মেধার যথাযথ বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম গতকাল রাজধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য স্থির করেছে, তা বাস্তবায়নের মূল দায়িত্ব হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের। মুক্তিযোদ্ধার সন্তানেরা তাদের পূর্বসূরিদের মতোই লক্ষ্য অর্জনে নিজেদের প্রস্তুত করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৃত্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় দুই দেশের মধ্যে যে হূদয়ের সম্পর্ক গড়ে উঠেছিল তারই পুনরাবৃত্তি ঘটল।পরে প্রতিমন্ত্রী উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৩০ জন ছাত্রছাত্রীর হাতে বৃত্তির চেক হস্তান্তর করেন। উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রত্যেকে প্রতিবছরের জন্য ছয় হাজার টাকা করে দুই বছর পর্যন্ত এবং স্নাতক পর্যায়ে প্রত্যেকে প্রতিবছরের জন্য ২৪ হাজার টাকা করে চার বছর পর্যন্ত বৃত্তি পাবে। এ বছর উচ্চমাধ্যমিক পর্যায়ে ৯০০ জন এবং স্নাতক পর্যায়ে ৩০০ জনকে এ বৃত্তি প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার ও হাইকমিশনের নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আর এন নায়ার। ভারতীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কয়েকজন মুক্তিযোদ্ধা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।