মুগদা ও মান্ডাবাসীর কমিউনিটি সেন্টারটি হাতছাড়া হচ্ছে
একমাত্র কমিউনিটি সেন্টারটি মুগদাপাড়া ও মান্ডাবাসীর হাতছাড়া হয়ে যাচ্ছে। সেন্টারটির দ্বিতীয় ও তৃতীয়তলায় নতুন মুগদা থানার অস্থায়ী কার্যালয় স্থাপন করার সিদ্ধান্তে এই আশঙ্কা দেখা দিয়েছে।আফিরউদ্দিন নামের কমিউনিটি সেন্টারটি মুগদাপড়ায়। তবে মুগদাপাড়া ও মান্ডা এলাকার মধ্য ও নিম্নবিত্ত মানুষেরা তাঁদের সামাজিক অনুষ্ঠান আয়োজন করেন এই কমিউনিটি সেন্টারে। দুই এলাকার মানুষ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে কমিউনিটি সেন্টারে থানা স্থাপন না করার অনুরোধ জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। তবে এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষায় থানাও চান। তাঁরা চান সেটি অন্য কোনো স্থানে হোক। মুগদার বাসিন্দা এনামুল হক সরদার প্রথম আলোকে বলেন, মুগদাপাড়া ও মান্ডায় নাগরিকসুবিধা অনেক কম। এখন মুগদাপাড়া ও মান্ডা ইউনিয়নের কয়েক লাখ মানুষ বিয়ে, বৌ-ভাত, সুন্নতে খাতনা, জন্মদিনসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও কল্যাণমূলক অনুষ্ঠানের জন্য এই কমিউনিটি সেন্টারের ওপর পুরোপুরি নির্ভরশীল। এ ছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, সিটি করপোরেশননিয়ন্ত্রিত বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, পরিবার পরিকল্পনা ক্লিনিক, শিশুদের টিকাদানকেন্দ্র, সংগীত শিক্ষাকেন্দ্র ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্যাটেলাইট স্কুল এই ভবনে রয়েছে। জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, থানা হলে আফিরউদ্দিন কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠান আয়োজনে বাধা কিংবা বিপত্তি ঘটবে না। নিচতলায় অনুষ্ঠান করার সুযোগ থাকছে।এনামুল হক সরদার বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি থানা স্থাপনের দাবিও জানিয়ে আসছেন। কাজেই থানা স্থাপনের বিপক্ষে তাঁরা নন। তবে সামাজিক সুবিধা হাতছাড়া করে নয়। তিনি বলেন, ‘থানা স্থাপনের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আলাদা জায়গার কথা বলা হয়েছে। এরপর কর্তৃপক্ষ কেন এই সেন্টার পুলিশকে দিতে চাইছে, তা আমরা বুঝতে পারছি না।’ এলাকার মানুষ বলেছেন, তাঁদের নিত্যদিনের সমস্যা পানিসংকট। এ ছাড়া রয়েছে মশার উপদ্রব। বছরের অধিকাংশ সময় নর্দমা উপচানো নোংরা পানি মাড়িয়ে তাঁদের চলাচল করতে হয়। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গ্যাস থাকে না। রাস্তাঘাটের দশাও বেহাল। চোর, ছিনতাইকারী, ডাকাত, ও মাদকসেবীদের উৎপাত লেগে আছে। বর্ষাকালে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তাঁরা বলছেন, এর একটিরও সমাধান না করে সরকার হাত বাড়িয়েছে কমিউনিটি সেন্টারের দিকে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও তাঁদের দেওয়া স্মারকলিপি থেকে জানা যায়, গত বছর ২৬ নভেম্বর মুগদাপাড়ার আফিরউদ্দিন সরদার কমিউনিটি সেন্টারের দ্বিতীয় ও তৃতীয়তলায় মুগদা থানার অস্থায়ী কার্যালয় স্থাপনের জন্য পুলিশের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। এ প্রস্তাব নাকচ করে দেন সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা। পুলিশকে লেখা চিঠিতে তিনি বলেন, এটি এই এলাকার একমাত্র কমিউনিটি সেন্টার, তাই থানা হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। পরে আবার সিটি করপোরেশেনের পক্ষ থেকেই সেন্টারটির দ্বিতীয় ও তৃতীয় তলায় থানার অস্থায়ী কার্যক্রম স্থাপনের অনুমতি দেওয়া হয়। স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরীর পক্ষ থেকেও কমিউনিটি সেন্টারের ওই দুই তলায় থানার অস্থায়ী কার্যক্রম পরিচালনার জন্য সিটি করপোরেশনের কাছে অনুরোধ জানানো হয়। গত ১৫ ফেব্রুয়ারি মুগদাপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা নজিবুল হক সরদার হাইকোর্টে একটি রিট করেন। ওই দিন আদালত কমিউনিটি সেন্টারে দুই মাসের জন্য থানার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন।