মুগদায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর মুগদার ঝিলপাড় এলাকায় সাদিয়া আক্তার মিম নামের নয় বছরের এক শিশু ছাদ থেকে পড়ে মারা গেছে। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা।
প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, শিশুটি এক তলা বাসায় অন্য শিশুদের সঙ্গে খেলার সময় ছাদ থেকে পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাদিয়া মুগদার আহমদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা স্বপন মিয়া পেশায় রিকশাচালক।
সাদিয়ার মা হাসি বেগম প্রথম আলোকে বলেন, সন্ধ্যার সময় তাঁর মেয়ে একতলা ভাড়া বাসার ছাদে কানামাছি খেলছিল। চোখ বাধা অবস্থায় তাঁর মেয়ে ছাদ থেকে পড়ে যায়।
পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।