মুগদায় বাসা থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণ মুগদাপাড়া এলাকার একটি বাসার তালা ভেঙে গতকাল শনিবার ভোরে পুলিশ অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে। পুুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেওয়া যুবকটি তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছেন।সবুজবাগ থানার সূত্র জানায়, গতকাল ভোররাত চারটার দিকে খবর পেয়ে ৭/১১ দক্ষিণ মুগদপাড়ার টিনশেড বাসার তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। সেখানে খাটের ওপর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর পরনে ছিল লাল রঙের সালোয়ার-কামিজ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর হবে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, নিহত নারী ও এক যুবক পরস্পরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ১ অক্টোবর দক্ষিণ মুগদাপাড়ার এক কক্ষের ওই বাসাটি ভাড়া নেন। গতকাল দুপুরের পর থেকে বাসাটির তালা লাগানো দেখতে পেয়ে বাড়ির মালিক নেয়ামতউল্লাহর সন্দেহ হয়। পরে মধ্যরাতে জানালা দিয়ে তিনি উঁকি মেরে দেখেন খাটের ওপর এক নারী নিথর হয়ে পড়ে আছেন। ডাকাডাকি করেও ওই নারীর কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি।