মুঠোফোন নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে তরুণ নিহত

লাশ
প্রতীকী ছবি

রাজধানীতে মুঠোফোন নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আহত এক তরুণের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার কামরাঙ্গীরচরের কলেজ রোডে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও দুজন।

নিহত ওই তরুণের নাম জীবন আহমেদ (১৯)। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ছুরিকাঘাতের পর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

গতকালের ঘটনায় আহত দুজন হলেন মো. রাফি ও বিজয়। তাঁরা দুজনই জীবনের বন্ধু। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র।

নিহত তরুণের বাবা আবদুল হাকিম বলেন, দুই দিন আগে জীবনের এক বন্ধুর মুঠোফোন নিয়ে যান একই এলাকার কয়েকজন তরুণ। এ নিয়ে গতকাল রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে জীবনকে ছুরিকাঘাত করা হয়।

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক মিলন হোসাইন প্রথম আলোকে বলেন, ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে চেষ্টা চলছে।