মুঠোফোন রিসাইক্লিং করবে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যবহৃত বা বাতিল মুঠোফোন সেট রিসাইক্লিং করার উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এ জন্য ‘মোবাইল হ্যান্ডসেট রিসাইক্লিং’ শীর্ষক এক কর্মসূচি শুরু করেছে মুঠোফোন অপারেটরটি।

এ কর্মসূচির মাধ্যমে সারা দেশে সব গ্রামীণফোন সেন্টার ও সার্কেল কার্যালয়ে গ্রাহকের কাছ থেকে নষ্ট মুঠোফোন জমা নেবে গ্রামীণফোন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ফার্মগেটে গ্রামীণফোন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রাইসুল আলম মণ্ডল। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রাইসুল আলম মণ্ডল বলেন, গ্রামীণফোনের হ্যান্ডসেট রিসাইক্লিংয়ের উদ্যোগ বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে নতুন মাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠানগুলোকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে বিটিআরসির উদ্যোগ নেওয়া উচিত।

অনুষ্ঠানে জানানো হয়, আগ্রহী যেকোনো ব্যক্তি তাঁদের অব্যবহৃত বা বাতিল মুঠোফোনটি কাছের গ্রামীণফোন সেন্টারে ড্রপবক্সে জমা দিতে পারবেন। এরপর নির্দিষ্ট প্রক্রিয়ায় মুঠোফোনগুলোর সম্ভাব্য ক্ষতিকর সব উপাদান সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হবে। রিসাইক্লিংয়ের পুরো প্রক্রিয়া আইএসও ১৪০০০, ওএসএইচএএস ১৮০০০ এবং আর ২ স্ট্যান্ডার্ড মেনে করা হবে। রিসাইক্লিং করার জন্য জমা দেওয়া হ্যান্ডসেট পুনরায় বিক্রি বা ব্যবহার করা হবে না। হ্যান্ডসেটগুলো থেকে প্রাপ্ত উপাদান নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা হবে।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফলি বলেন, দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে চেষ্টা করে যাচ্ছে। পরিবেশগত দৃষ্টিকোণ থেকে অব্যবহৃত ও বাতিল ফোন মাটিতে মিশে যেতে না দিয়ে নিরাপদ, সুরক্ষিত ও নৈতিক উপায়ে রিসাইক্লিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।