মুঠোফোনে বন্ধুত্ব, দেখা করতে গিয়ে শেকলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে পরিচয়, বন্ধুত্ব। একপর্যায়ে সেই তরুণী বন্ধু দেখা করতে বললেন। সেই দেখা করতে গিয়েই অপহরণকারীদের ফাঁদে পড়ে শেকলবন্দী হলেন ব্যবসায়ী সুব্রত রায়। তাঁর মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে দাবি করা হয় ৫০ লাখ টাকা। ছয় দিন পর গত রোববার তাঁকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই তরুণীসহ ছয়জনকে।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন—মো. ফজলু ওরফে কসাই ফজলু, সুজন, আবদুল আলিম, সুরুত আলী, ময়দান আলী ও মুঠোফোনে বন্ধুত্ব গড়া ফেরদৌসী আক্তার। তাঁদের গতকাল মঙ্গলবার মহানগর ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির করা হয়। ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ছয়জন চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত। এ চক্রের নেতা সাইফুল পালিয়ে গেছেন।সংবাদ সম্মেলনে ডিবির কর্মকর্তারা জানান, ফেরদৌসী আক্তার মুঠোফোনে শেরপুরের সিরামিক ব্যবসায়ী সুব্রতর সঙ্গে পরিচিত হন ও বন্ধুত্ব গড়ে তোলেন। প্রায় এক মাস ধরে চলে তাঁদের ফোনালাপ। সুব্রত ব্যবসায়িক কাজে ১৮ ডিসেম্বর ঢাকায় আসেন। এ সময় ফেরদৌসী তাঁকে দেখা করতে বলেন এবং ঠিকানা দেন। ওই ঠিকানা অনুযায়ী ১৯ ডিসেম্বর টঙ্গীর শফিউদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজ রোডের একটি বাসায় যান সুব্রত। সেখানে ফেরদৌসী ছাড়াও গ্রেপ্তার হওয়া সুজন ও তাঁর স্ত্রী ঝর্না ছিলেন। তাঁকে খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়। খাবার বা পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মেশানো থাকায় কিছুক্ষণ পর সুব্রত অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার যমুনা নদীর দুর্গম চর এবং চরমপন্থী-অধ্যুষিত সাকমাল গ্রামে। সেখানে ময়দান আলীর বাড়িতে তাঁকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। অপহরণকারীরা তাঁর স্ত্রী ও মাকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, না হলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, অপহরণকারীদের ফোন পেয়ে সুব্রতর স্ত্রী ২২ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় একটি মামলা করেন। ডিবি মামলাটির দায়িত্ব নেয় এবং ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে একটি দল সুব্রতকে উদ্ধারের জন্য চার দিন ধরে উল্লাপাড়া, কামারখন্দ, সলঙ্গা, তাড়াশ ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালায়। অবশেষে রোববার সাকমাল গ্রামে ময়দান আলীর বাড়ি থেকে শেকল দিয়ে বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।সুব্রত বলেন, ফেরদৌসী এর আগেও তাঁকে বিভিন্ন সময়ে দেখা করতে বলেছিলেন।অভিযান পরিচালনাকারী গোলাম মোস্তফা রাসেল বলেন, সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই ওই ব্যক্তিরা সুব্রতকে অপহরণ করেছিল।