মুঠোফোনে রেলের টিকিট বিক্রিতে যথেষ্ট সাড়া
মুঠোফোনে রেলের টিকিট বিক্রিতে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। গ্রাহকেরা এখন একটি ছোট্ট বার্তা পাঠিয়েই রেলের টিকিট কিনতে পারছেন। তাঁদের অযথা কমলাপুর বা বিমানবন্দর স্টেশনে দৌড়াতে কিংবা রাত জেগে লাইন দিতে হচ্ছে না। তবে এখন শুধু বাংলালিংক ও গ্রামীণফোনের গ্রাহকেরা এই সুবিধা পাচ্ছেন। গ্রামীণফোন: ১২০০ নম্বরে রেজিস্ট্রেশন করে *১৩১# এ একটি বার্তা পাঠিয়ে দিতে হবে। ফিরতি বার্তায় টিকিট নিশ্চিত করলে, কাস্টমার কেয়ারে শুধু ‘মোবিক্যাশ’ এর মাধ্যমে একাউন্টে টাকা ভরতে হবে। তবে এ সুবিধা শুধু গ্রামীণ গ্রাহকদের জন্য। গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশনের প্রধান তাহমিদ আজিজুল হক বলেন, মুঠোফোনের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি জানান, রেল কর্তৃপক্ষের নির্ধারণ করে দেওয়া ঈদের টিকিটের কোটা ইতিমধ্যে শেষ। গ্রামীণ গ্রাহকদের অতিরিক্ত টিকিটের ব্যবস্থা করে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে গ্রামীণফোন কর্তৃপক্ষের আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, চলতি বছরের মার্চ মাসে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে রেল কর্তৃপক্ষের একটি চুক্তি হয়। এর আওতায় শতকরা ১০ শতাংশ টিকিট বিক্রি করবেন অপারেটররা। প্রথম দিকে বাংলালিংক ও গ্রামীণফোন টিকিট বিক্রি করতে শুরু করেছে। এখন মোবাইল অপারেটর রবির সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে বলে তিনি জানান।বাংলালিংক: বাংলালিংকের গ্রাহক বা অন্য অপারেটরের সব গ্রাহক বাংলালিংকের কাস্টমার কেয়ারের মাধ্যমে মুঠোফোনে রেলের টিকিট কাটতে পারছেন। ঢাকা ও চট্টগ্রামের সব বাংলালিংক কাস্টমার কেয়ারে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট কাটার পদ্ধতিও সহজ। গ্রাহকদের কাস্টমার কেয়ারের মোবাইল ক্যাশ পয়েন্টে গিয়ে ‘মানি ওয়ালেট’ ফরম পূরণ করে টাকা জমা দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে ছোট্ট একটি বার্তা পাঠিয়ে টিকিট কিনতে পারবেন। প্রয়োজনে টিকিটের প্রিন্টও নিতে পারবেন। এ ছাড়া ক্যাশ পয়েন্টের কর্মকর্তাদের বললে তাঁরাও টিকিট কেটে দেবেন বলে প্রথম আলোকে জানান বাংলালিংকের পিআর কমিউনিকেশন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান সোলায়মান আহমেদ। সোলায়মান বলেন, বাংলালিংক ছাড়া অন্য অপারেটরের গ্রাহকদেরও টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে বাংলালিংকের মোবাইল ক্যাশ পয়েন্টে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে বাংলালিংকের গ্রাহকদের ১২০০ এবং অন্য অপারেটরের গ্রাহকদের ০১৯১১৩০৪১২০ নম্বরে ফোন করতে হবে।