মুদি ব্যবসায়ীকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মীরহাজিরবাগের ব্যস্ত সড়কে গতকাল বুধবার দিনেদুপুরে ছিনতাইকারীরা জামালউদ্দিন (৩৫) নামের একজন মুদি ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে চার লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মীরহাজিরবাগে জামাল এন্টারপ্রাইজ নামের একটি মুদি দোকানের মালিক জামালউদ্দিন। গতকাল বেলা দুইটার দিকে তিনি দোকান থেকে চার লাখ ২০ হাজার টাকা হাতব্যাগে নিয়ে ইসলামী ব্যাংকের গেন্ডারিয়া শাখায় জমা দিতে যাচ্ছিলেন। মীরহাজিরবাগের নতুন রাস্তায় রিকশার জন্য অপেক্ষা করার সময় চারজন ছিনতাইকারী তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর ডান পায়ে দুটি গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন জামালউদ্দিন বলেন, নতুন রাস্তায় রিকশার জন্য অপেক্ষা করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার ওপর চড়াও হয় ও গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুই ছিনতাইয়ে অগ্রগতি নেই: গত বৃহস্পতিবার মিরপুর ১ নম্বরে জনতা হাউজিংয়ের সামনের রাস্তায় ফেরদৌস ইসলাম নামের এক ব্যবসায়ীকে গুলি করে নয় লাখ টাকা ছিনতাই করা হয়। গত সাত দিনেও টাকা উদ্ধার বা এর সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় মামলাই হয়নি। তবে টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে গত সোমবার যাত্রীবাড়ী থানার শহীদ ফারুক সড়কে ছিনতাইকারীরা মুদি দোকানের কর্মী আবুল হোসেনকে গুলি করে তাঁর কাছ থেকে ১০ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। যাত্রাবাড়ী থানার ওসি কে এম আবুল কাশেম বলেন, ছিনতাইকারী চক্র শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করে টাকা উদ্ধার করা সম্ভব হবে।