মুরগির ডিম ও মাংসের সরবরাহ কমার আশঙ্কা
মুরগির ভাইরাসবাহিত রোগ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে স্থানীয় বাজারে মুরগির ডিম ও মাংসের সরবরাহ ২২ শতাংশ কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে সরবরাহ ৫০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মুরগির খামারের মালিকেরা।গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এনসিসি এক্সিবিশন অ্যান্ড অর্গানাইজারের উদ্যোগে ভিআইভি এশিয়া ফোরামের সভায় দেশের প্রাণিসম্পদ শিল্পের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় বলা হয়, দেশের প্রাণিসম্পদ শিল্পের সবচেয়ে বড় খাত পোলট্রি শিল্প। দেশে প্রায় পাঁচটি বড় মূল খামার, ৪০-৫০টি মাঝারি খামার, বহু হ্যাচারি, ৭০ থেকে ৮০ হাজার পোলট্রি খামার এবং ১৫-২০টি পোলট্রি খাবারের কারখানা রয়েছে। গত ১৫ বছরে এ খাতে প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছর পোলট্রি শিল্প স্থানীয় বাজারে প্রায় আড়াই কোটি ডিম এবং এক কোটি ৭০ লাখ কেজি মাংস সরবরাহ করেছে। কিন্তু এ বছরের প্রথম তিন মাসে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে প্রায় ২০০ কোটি টাকা লোকসান হয়েছে।সভায় এনসিসি এক্সিবিশনের মহাব্যবস্থাপক লাড্ডা মংকলচাইভিভাট এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ ও এ সমস্যা সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশ পোলট্রি শিল্প সমিতির সাধারণ সম্পাদক এম এম খান দেশে এ শিল্পের সার্বিক চিত্র তুলে ধরেন।সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী, ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী জাহেদুল হাসান, থাই লাইভস্টক ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চার্দচাই সিনসাং প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।