মুরসালিনকে হত্যার অভিযোগে মামলা, আসামি ৪০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মুরসালিন
ফাইল ছবি

নিউমার্কেট এলাকার ব্যবসায়ী, দোকান কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দোকান কর্মচারী মোহাম্মদ মুরসালিন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মুরসালিনের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন। মলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান প্রথম আলোকে বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত মঙ্গলবার নিউমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন মোহাম্মদ মুরসালিন। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই সংঘর্ষে নাহিদ হোসেন নামের একজনও আহত হয়ে মারা গেছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসের ‘ডেলিভারিম্যান’ ছিলেন।

আরও পড়ুন

এদিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গতকাল একটি হত্যা মামলাসহ তিনটি মামলা করা হয়েছে। ৩ মামলায় আসামি করা হয় ১ হাজার ৪২৪ জনকে। এর মধ্যে পুলিশের দুই মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

পুলিশ সূত্র জানায়, নাহিদ হত্যার ঘটনায় তাঁর চাচা মো. সাঈদ বাদী হয়ে হত্যা মামলা করেন। আর জ্বালাও, পোড়াও, বিস্ফোরণ, হাঙ্গামা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। নিউমার্কেট থানা–পুলিশের করা একটি মামলার বাদী থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির, অন্যটির বাদী এসআই মেহেদী হাসান।