মুসা ইব্রাহীমের ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে ইন্টারনেটে চালু হয়েছে বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের অফিসিয়াল ওয়েবসাইট। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে কম্পিউটারের টাচস্ক্রিনে আঙুলের স্পর্শে www.musaibrahim.com.bd ঠিকানার এই ওয়েবাসাইট উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী। জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পর ২০১০ সালের ২৩ মে বিশেষ একটি দিন, যেদিন মুসা ইব্রাহীম এভারেস্ট জয়ের মাধ্যমে পৃৃথিবীকে নিজের কৃতিত্ব জানান দিয়েছেন। এ ওয়েবসাইটের মাধ্যমে মুসার কৃতিত্ব সারা বিশ্বের মানুষ দেখতে পারবে, যা তরুণ প্রজন্মকে উৎসাহী করবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক সালিহা লোফেভ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। হাবিবুল বাশার এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং করবেন বলেও ঘোষণা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনাজ চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে মুসা ইব্রাহীম নিজের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ওয়েবসাইটে তাঁর এভারেস্ট অভিযানের বিস্তারিত তথ্য ছাড়াও থাকছে একটি ফটো ও ভিডিও গ্যালারি। ওয়েবসাইটটির ডিজাইন করেছেন মানিক ও রতন এবং এটি নির্মাণ করেছেন ই-ভিস্তা টেকনোলজিস।