মুসা ইব্রাহীমের গাছ লাগানোর অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহীম ও তাঁর বন্ধুরা দেশব্যাপী ১৬ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে এ অভিযান শুরু হয়েছে। অভিযানের উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশব্যাপী গাছ লাগানোর উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগ সফল করতে সমাজের সর্বস্তরের মানুষ সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি একটি গাছের চারা রোপণ করে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে মুসা ইব্রাহীম বলেন, আগামী চার বছরের মধ্যে পুরো দেশে প্রত্যেকে যাতে নিজেই একটি করে গাছ লাগাতে পারেন, এই অভিযানকে ধারাবাহিকভাবে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হবে। অভিযানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা ধরনের এক হাজার গাছ রোপণ করা হবে। অনুষ্ঠানে বৃক্ষবিশারদ দ্বীজেন শর্মা, সাংবাদিক ও লেখক আনিসুল হক, পাখি বিশেষজ্ঞ শরীফ খান, বৃক্ষবিশারদ মোকারম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বিমল গুহ, বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার প্রমুখ বক্তব্য দেন। পরে তাঁরা প্রত্যেকে মল চত্বরে একটি করে গাছের চারা রোপণ করেন। এই অভিযানের তিনটি পর্যায় নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে আগামী চার বছরের মধ্যে সারা দেশে ১৬ কোটি গাছ লাগানো হবে। দ্বিতীয় পর্যায়ে দেশের পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গাছ রোপণে নিরু ৎ সাহিত করা হবে। তৃতীয় পর্যায়ে দেশের ২৫ শতাংশ বনভূমিতে দেশীয় গাছ লাগানো নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে।গাছ লাগানোর এই অভিযানের উদ্যোগ নিয়েছে এভারেস্ট ফাউন্ডেশন। গতকালের অনুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। সহযোগিতায় ইউনাইটেড নেশনস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, গ্রিন চ্যানেল ও দ্য সার্কেল।