মূল ভাড়ার চেয়ে বাড়তি ভাড়াই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল পরিবেশ বঁাচাও আন্দোলনের (পবা) মানববন্ধন
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল পরিবেশ বঁাচাও আন্দোলনের (পবা) মানববন্ধন

ঢাকা শহরে যারা প্রতিদিন বাসে যাতায়াত করে, তাদের মাসে প্রায় ৯০০ টাকা ভাড়া গুনতে হয়। তবে এর মধ্যে ৫০০ টাকাই বাড়তি দিতে হয় তাদের। অতিরিক্ত ভাড়া আদায় এবং সিটিং সার্ভিসের নামে এই বাড়তি টাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে একটি জরিপের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, ঢাকা মহানগরীতে সরকার-নির্ধারিত বড় বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ১ টাকা ৭০ পয়সা আর মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ১ টাকা ৬০ পয়সা। দুই ধরনের বাসেই ৩ কিলোমিটার ভ্রমণে ভাড়া পড়ে যথাক্রমে ৭ টাকা ও ৫ টাকা। কিন্তু একই রুটে চলা একেক কোম্পানির বাস একেক হারে ভাড়া আদায় করে বলে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হয়।

গত দুই মাসে ঢাকার চারটি রুটে জরিপ পরিচালনা করে পবা। রাজধানীর ঢাকেশ্বরী থেকে মিরপুর, মিরপুর থেকে যাত্রাবাড়ী, গাবতলী থেকে সদরঘাট, আজিমপুর থেকে এয়ারপোর্ট-টঙ্গী হয়ে গাজীপুর, কলাবাগান থেকে ভুলতা—এই চারটি রুটের ব্যক্তিমালিকানাধীন একটি করে বাসে জরিপ চালানো হয়। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই জরিপ চলে।

 ‘রাজধানী ঢাকার গণপরিবহনের নৈরাজ্য বন্ধ কর’ শিরোনামে গতকালের মানববন্ধনে পবার পাশাপাশি আরও ১৬টি সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মোটরযান আইনে প্রতিটি গণপরিবহনে সরকার-নির্ধারিত ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার কথা। কিন্তু ঢাকার ৯৫-৯৬ শতাংশ বাস-মিনিবাস তা করে না। উল্টো তারা অতিরিক্ত ভাড়া আদায় ও সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। লক্কড়ঝক্কড় এসব পরিবহনের আয়ুষ্কালও শেষ হয়েছে বহু বছর আগে। এ ছাড়া যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানোয় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।

মানববন্ধনে পবার সহসম্পাদক নিশাত মাহমুদ বলেন, যান নিয়ন্ত্রণের জন্য আইন আছে, প্রণয়নকারী সংস্থাও আছে। কিন্তু বাস্তবায়নে তাদের গরজ নেই। এর সুযোগই নিচ্ছে মালিক-চালকেরা।

পবার সদস্য অমূল্য কুমার বৈদ্য বলেন, বাসে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ। কিন্তু আইন করাই সার! বাস্তবায়ন করার উদ্যোগ সংশ্লিষ্টদের নেই। প্রতিদিন আইন অবজ্ঞা করে যেখানে-সেখানে হর্ন বাজিয়ে যাচ্ছে পরিবহনগুলো।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জোবাইদা গুলশান আরা বলেন, নির্দিষ্ট স্থানে বাস থামানোর বদলে চলন্ত অবস্থায় অনেক পরিবহন যাত্রী ওঠায়। শিশু ও নারীদের জন্য এটি যেমন ঝুঁকির তেমনি বিড়ম্বনার।

পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন আহাম্মদ বলেন, প্রতিটি বাস ২০ শতাংশ আসন খালি নিয়ে চলবে—এমনটা ধরেই ভাড়া ঠিক করা হয়েছে। ফলে আলাদা করে সিটিং সার্ভিস চালু রাখা অযৌক্তিক।

মানববন্ধন থেকে রাস্তার মাঝখানে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য শাস্তি এবং মোটরযান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি পরিবহনের নৈরাজ্য বন্ধে ১০ দফা করণীয় তুলে ধরা হয়।

মানববন্ধন শেষে পবার পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় শতকরা ৯৩-৯৪ ভাগ মানুষ প্রতিদিন যাতায়াত করে হেঁটে, বাসে বা রিকশায়। বাকি ৬-৭ ভাগ মানুষ প্রাইভেট গাড়ি ব্যবহার করে; যা দখল করে রাখে ঢাকার রাস্তার ৬৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপরিবহনের অনুমতির শর্ত অনুযায়ী, নির্দিষ্ট যানবাহন বাদে বাস-মিনিবাসে নির্ধারিত আসনের বেশি যাত্রী বহন করা যাবে না। বাসের মেঝে থেকে ছাদের উচ্চতা হতে হবে কমপক্ষে ৬ ফুট। আর দুই পাশের সিটের মাঝের পথটি চওড়া হতে হবে ১৮ ইঞ্চি। কিন্তু বাস্তবে ঢাকার বেশির ভাগ মিনিবাসেই ঘাড় গুঁজে দাঁড়াতে হয়। বসলে পা রাখা যায় না।