মৃতদেহ ব্যবস্থাপনা নিয়ে আঞ্জুমানের ২৯ কর্মীকে প্রশিক্ষণ
আঞ্জুমান মুফিদুল ইসলামের ২৯ জন কর্মীকে মৃতদেহ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মুফিদুলের কার্যালয়ে গত রোববার দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলে।এতে মৃতদেহ উদ্ধার, চিহ্নিতকরণ, ব্যবস্থাপনা এবং সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশে পারিবারিক যোগাযোগ কার্যক্রম পুনঃস্থাপন, দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা ও কার্যাবলিসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। প্রশিক্ষণ শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক কাজী আবুল কাশেম ও আইসিআরসির যোগাযোগ শাখার প্রধান ওল্দা গ্যাব্রিয়েল সোজিরন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুলের সভাপতি শামসুল হক চিশতী। প্রধান অতিথি ছিলেন আইসিআরসি, ঢাকার উপপ্রধান ফ্রেডরিক ই ডুফোর। আঞ্জুমান মুফিদুলের শিক্ষা কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, পরিবহন ও লাশ দাফন কমিটির চেয়ারম্যান আবদুর রশিদ, নির্বাহী পরিচালক কাজী আবুল কাশেম ও শামসুল হকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।