রাজধানীর খিলক্ষেতে মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে লাগা আগুনে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে গতকাল মঙ্গলবার। এ নিয়ে আগুনে ১০ জনের মৃত্যু হলো। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হামিদ (২০) এবং বেলা সোয়া দুইটার দিকে এনামুলের (২০) মৃত্যু হয়। সাইদুর রহমান (২০) নামে দগ্ধ আরেকজন এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।গত শুক্রবার রাতে খিলক্ষেতের নামাপাড়ায় গুডনাইট ব্র্যান্ডের স্প্রে ও কয়েলের গুদামে আগুন লাগে। এতে ওই দিন ঘটনাস্থলেই পুড়ে মারা যান শ্রমিক আলমাস (২০), তোফাজ্জল (২৬), আমিনুল (২২), ইউসুফ (২৬) ও রাসেল (১৫)। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকাল ছয়টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আনোয়ার হোসেন (২২)। গত রোববার সকালে জুয়েল (২৪) এবং রাতে ইকবাল (২৮) মারা যান।চিকিৎসকেরা জানান, দগ্ধ সবারই শরীরের ৯৫ শতাংশেরও বেশি অংশ জ্বলে গেছে।