সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন—এমন গুজবে গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে একটি বাস ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাংলামোটরে সংযোগ সড়ক পার হচ্ছিলেন ইসমাইল হোসেন (৪০) নামের এক শ্রমিক। এ সময় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় গুজব ছড়িয়ে পড়ে, তিনি মারা গেছেন। এ গুজবে স্থানীয় জনতা ওই বাসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়। এতে ওই সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে তীব্র যানজট হয়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, মৃত্যুর গুজবে এ ঘটনা ঘটেছে। ওই বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।