মেঘ–বৃষ্টি বেড়ে শুক্রবারের মধ্যে কমতে পারে তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের আট জেলায় আজ বৃহস্পতিবার দিনভর দাবদাহ বয়ে গেছে। ঢাকার আকাশে বিকেলে মেঘের আনাগোনা দেখা গেলেও বৃষ্টি তেমন হয়নি। এমন পরিস্থিতির মধ্যেই দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এরই মধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চল থেকে তা সরে গেছে।

এদিকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার মুহূর্তে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। তবে আবহাওয়াবিদেরা বলছেন, এটি খুব বেশি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় বৃষ্টিপাত ও লঘুচাপের ফলে সৃষ্ট মেঘের কারণে শুক্রবার দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে।

প্রচুর জলীয় বাষ্প নিয়ে বাংলাদেশ গত জুলাইয়ে মৌসুমি বায়ু প্রবেশ করলে বর্ষা শুরু হয়। মৌসুমি বায়ু বিদায় নিলে বর্ষাও বিদায় নেয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু এখন শুধু দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় রয়েছে। দু-এক দিনের মধ্যে তা-ও বিদায় নেবে। এরপর উত্তরাঞ্চল দিয়ে হালকা শীতের বাতাস প্রবেশ করতে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি কম হওয়ায় দিনের বেলা তাপমাত্রা বেশি ছিল। তবে শুক্রবারের মধ্যে বৃষ্টি ও মেঘ বেড়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর লঘুচাপ শুক্রবারের মধ্যে বাংলাদেশ উপকূল থেকে সরে যেতে পারে।

এদিকে ঢাকায় আজ প্রায় ৩৬ ডিগ্রি তাপমাত্রা ছিল। সারা দেশে তাপমাত্রা ছিল গড়ে ৩৭.২ ডিগ্রি। তবে দেশের কয়েকটি জায়গায় বৃষ্টিও হয়েছে।