মেট্রোরেলের পক্ষে-বিপক্ষে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে মেট্রোরেল যাওয়ার পক্ষে-বিপক্ষে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বাসে চলাচলকারী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মেট্রোরেলের পক্ষে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিপক্ষে এসব কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাল্টাপাল্টি স্মারকলিপিও দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই দুই পক্ষ স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি হাতে নিয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, রুট পরিবর্তন হয়তো সম্ভব নয়। তবে শব্দদূষণ ও কম্পন যাতে কম হয় এবং শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের বলা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চলাচলকারী বিভিন্ন রুটের শিক্ষার্থীদের পক্ষে চৈতালি, বৈশাখী ও ক্ষণিকার কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপাচার্যকে স্মারকলিপি দেন। এই ছয়জনের মধ্যেই দুজন প্রথম আলোকে বলেন, তাঁরা ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেল যাওয়ার বিপক্ষে।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যাঁরা পক্ষে স্মারকলিপি দিয়েছেন, তাঁদের বেশির ভাগই ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে। তাঁদের স্মারকলিপিতে বলা হয়, উত্তরা, মিরপুর, কাফরুল, গাজীপুরসহ বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষার্থী প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এ সময় তাঁদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়। এ জন্য সময়ের অপচয় হয় এবং নির্ধারিত সময়ে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেন না। তাই বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে মেট্রোরেল গেলে ও বিশ্ববিদ্যালয় এলাকায় স্টেশন থাকলে তাঁদের সুবিধা হবে।

অন্যদিকে, ছাত্র ইউনিয়ন তাদের স্মারকলিপিতে উল্লেখ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের রুট নির্মাণ করা হলে রাজু ভাস্কর্যের একটি অংশ আজীবন মেট্রোরেলের রুটের ছায়ায় ঢেকে থাকবে। এতে এর ত্রিমাত্রিক তাৎপর্য হারিয়ে যাবে। সিমেন্টের আস্তর ধসে পড়বে, ভাস্কর্যে ফাটল ধরতে পারে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাতীয় ঐতিহ্য সংরক্ষণের নীতিমালা অনুযায়ী, জাতীয় ঐতিহ্য হিসেবে জাতীয় জাদুঘর, চারুকলা, তিন নেতার মাজার, ঢাকা গেটের ২০০ বর্গমিটার এলাকায় কোনো ভারী স্থাপনা তৈরি করার নিষেধাজ্ঞা রয়েছে। মেট্রোরেল থেকে সৃষ্ট এক বছরের কম্পন একটি ছয় থেকে সাড়ে ছয় মাত্রার ভূমিকম্পের সমান, যা ঢাকা গেট ও কার্জন হলের জন্য হুমকি। ভূতাত্ত্বিক জরিপকারী প্রতিষ্ঠানও সেটা স্বীকার করেছে।