মেট্রোরেলের রুট বদলানোর দাবিতে ব্যঙ্গচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণগ্রন্থাগার আর চারুকলার সামনে দিয়ে মেট্রোরেল যাচ্ছে, পাশে ব্যাগ কাঁধে তিন তরুণ-তরুণী দুই হাতে কান চেপে ভয়ে দিগ্ভ্রান্ত ছুটে চলেছেন। অথবা একদল শিক্ষার্থী আন্দোলন করছে, ‘মেট্রোরেলের রুট বদলাও’, আরেক পাশে কিম্ভূতাকৃতি চেহারার কেউ একজন ব্রিফকেসে কিছু বহন করছেন, যাতে লেখা, ‘যুক্তিতে মুক্তি মেলে না’।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ধরনের বেশ কিছু ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ব্যঙ্গচিত্রগুলোর বেশির ভাগেই মেট্রোরেলকে সাপের আকৃতিতে উপস্থাপন করা হয়। এদের কারও মুখ থেকে আগুনের হলকা বের হচ্ছে, কারও মুখ থেকে বের হচ্ছে কুচকুচে কালো জিব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘উন্নয়নবিরোধী নই, বিকল্প রুটের দাবি’তে এ প্রতিবাদী ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়। দাবির পক্ষে চারুকলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব ব্যঙ্গচিত্র আঁকেন। এ সময় তাঁরা অনুষদের সামনের রাস্তায়ও আঁকেন। তাতে নিজেদের বিভিন্ন দাবির কথা লেখেন ও মেট্রোরেলের ছবি আঁকেন।
প্রদর্শনী শুরু হওয়ার সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন শিক্ষার্থী উম্মে হাবিবা, জাহিদুল হক, মাহফুজুর রহমান প্রমুখ।