মেট্রোরেলের রুট বদলের দাবিতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তাঁরা বলেছেন, শিক্ষার্থীদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে খণ্ডিত আকারে পৌঁছেছে। এই আন্দোলন চলমান উন্নয়নের বিপক্ষে নয়, বরং আরও টেকসই উন্নয়নের পক্ষে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠি পড়ে শোনান আন্দোলনের সমন্বয়ক তাইশা তাশরিন। তিনি বলেন, মেট্রোরেল প্রকল্পের জন্য অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেড (এইসিএল) নামের একটি প্রতিষ্ঠান ২০১৫ সালে ভূতাত্ত্বিক জরিপ করেছিল। তাতে প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় টিএসসি-দোয়েল চত্বর দিয়ে মেট্রোরেলের রুট না করে শাহবাগ-মৎস্য ভবন এলাকা দিয়ে করার সুপারিশ ছিল।
জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঐতিহাসিক স্থাপনাগুলো মেট্রোরেলের কারণে ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, মেট্রোরেলে অফিশিয়াল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ঢাকা গেট ও রাজু ভাস্কর্যের গা ঘেঁষে যাবে রেললাইন। রেলপথের কারণে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও ক্লাস-লাইব্রেরি ক্ষতিগ্রস্ত হবে।
চিঠিতে বলা হয়, মেট্রোরেলের স্টপেজের কারণে এই এলাকায় অলিখিত যানবাহনের স্ট্যান্ড তৈরি হবে। এর ফলে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি ও প্রকৌশল অনুষদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। এসব কারণে তাঁরা মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবি জানিয়েছেন। এই দাবিতে ২০ জানুয়ারি রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশের ঘোষণা দেন তাঁরা।
আন্দোলনের নানা দিক নিয়ে যে খণ্ডিত বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে, খোলা চিঠির মধ্য দিয়ে এর অবসান হবে বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন।