মেট্রো রেলের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষ করেছে জাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার যানজট নিরসনে উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার মেট্রো (পাতাল) রেলপথ স্থাপনের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষ করেছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন-সহায়তা সংস্থা (জাইকা)। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে নগর পরিবহন উন্নয়নবিষয়ক এক সেমিনারে জাইকার বিশেষজ্ঞরা মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেন। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) ও জাইকা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।জাইকার প্রাথমিক সমীক্ষায় বলা হয়েছে, প্রস্তাবিত মেট্রো রেলের রুট হবে উত্তরা থেকে পল্লবী, মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ, বুয়েট, কাপ্তানবাজার হয়ে সায়েদাবাদ। আগামী এক বছরে জাইকা নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করবে। প্রতিবেদনে বলা হয়, সব কিছু ঠিক থাকলে ২০১৮ সালে ঢাকায় মেট্রো রেলে পরিপূর্ণভাবে যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এতে ১৮টি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় ৪০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। মেট্রো রেল ঘণ্টায় ৩৫ থেকে ৮০ কিলোমিটার বেগে চলতে পারবে বলে জানিয়েছেন জাইকার বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, ঢাকার মেট্রো রেলপথের বেশির ভাগ অংশ মাটির ওপর রাখার চেষ্টা করতে হবে। কম ঘনবসতিপূর্ণ এলাকায় মাটির নিচে রেলপথ করতে হবে। মাটির ওপর মেট্রো রেলপথ স্থাপন করা হলে খরচ কম হবে।সেমিনারের কারিগরি অধিবেশনে জাইকার সমীক্ষা যাচাই দলের নেতা তুসিও কিমুরা, মিয়ামি এন্দু, টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তেতসুরু হাইওদো, শিনইয়া হানুকা, দাইসুকি ফুকুদা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগী অধ্যাপক কারিশমা এফ চৌধুরী মেট্রো রেলের বিভিন্ন সুবিধা-সীমাবদ্ধতা, বিশ্বের বিভিন্ন দেশের মেগাসিটির অভিজ্ঞতা ও ঢাকার সমন্বিত পরিবহন উন্নয়নব্যবস্থার ওপর পৃথক গবেষণা প্রতিবেদন তুলে ধরেন। কারিগরি অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন ইউএন-এস্কাপের সাবেক পরিচালক রহমতউল্লাহ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আলমগীর মুজিবুল হক। রহমতউল্লাহ বলেন, ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় মেট্রো রেল, উড়াল সড়ক ও বাস চলাচলের জন্য বিশেষ লেন (বিআরটি) করার প্রস্তাব রয়েছে। সরকার এরই মধ্যে ঢাকায় ৩২ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে। এসব প্রকল্পে সমন্বয় না থাকলে ব্যয় বেড়ে যাবে, কাজেরও ব্যাঘাত ঘটবে। সেমিনারে ডিটিসিবির নির্বাহী পরিচালক মশিউর রহমান ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।