মেডিকেল ফিজিসিস্ট ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার নিয়োগের দাবি
ক্যানসারের চিকিৎসা হয় এমন হাসপাতালগুলোয় মেডিকেল ফিজিসিস্ট নিয়োগে উদ্যোগী হওয়া জরুরি বলে মনে করছে বাংলাদেশ মেডিকেল ফিজিকস অ্যাসোসিয়েশন। গতকাল রোববার আন্তর্জাতিক মেডিকেল ফিজিকস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে আলোচকেরা এ মন্তব্য করেন। এ বছরের স্লোগান ‘উন্নত মেডিকেল ফিজিকস, রেডিয়েশন অনকোলজিতে উন্নত ক্যানসার চিকিৎসা’।
সেমিনারে আলোচকেরা মেডিকেল ফিজিকসের বিভিন্ন দিক এবং আধুনিক চিকিৎসায়, বিশেষ করে ক্যানসারের চিকিৎসায় রেডিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে মেডিকেল ফিজিসিস্টের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, প্রযুক্তিতে বাংলাদেশ উন্নত দেশগুলোর তুলনায় ৬০ বছরের বেশি পিছিয়ে আছে। পাশাপাশি সব হাসপাতালে যেসব আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, তার সঠিক ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া দরকার।
সেমিনারে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান রেডিয়েশন অনকোলজি ফিজিসিস্ট সাদিক মালিক, অনকোলজি ক্লাবের সভাপতি এম এ হাই প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুর-উল-ইসলাম। (বিজ্ঞপ্তি)