মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শ্রবণপ্রতিবন্ধীদের বিনা মূল্যে চিকিৎসা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জন্ম থেকে শ্রবণপ্রতিবন্ধী বা সম্পূর্ণ শ্রবণপ্রতিবন্ধীদের বিনা মূল্যে শল্যচিকিৎসার মাধ্যমে ‘কক্লিয়ার ইমপ্ল্যান্ট’ (একধরনের শ্রবণযন্ত্র) দিতে শুরু করেছে।গতকাল সোমবার বিএসএমএমইউয়ের মিলন হলে কক্লিয়ার ইমপ্ল্যান্ট শল্যচিকিৎসার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, শ্রবণপ্রতিবন্ধীদের এ চিকিৎসাসেবা চালু রাখতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, শিগগির বিএসএমএমইউতে প্রাণ-প্রযুক্তি (বায়োটেকনোলজি) বিভাগ চালু হবে।অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধিতার হার ৯ শতাংশ। মারাত্মক ও সম্পূর্ণ শ্রবণপ্রতিবন্ধীরা যন্ত্র ব্যবহার করেও শুনতে পায় না। তাদের জন্যই কক্লিয়ার ইমপ্ল্যান্ট দরকার। ২০০৫ সালের আগে বাংলাদেশের হাতেগোনা তিন-চারজন রোগী বিদেশে গিয়ে ইমপ্ল্যান্ট শল্যচিকিৎসা করিয়েছে। আর ২০০৫ সালের পর থেকে দেশের বিভিন্ন হাসপাতালে এটা হচ্ছে সীমিত পর্যায়ে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের ফলে অনেক দরিদ্র মানুষ আধুনিক চিকিৎসার সুযোগ পাবে। বিজ্ঞপ্তি।