বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচজন চিকিৎসককে পরীক্ষা-সংশ্লিষ্ট কোনো দায়িত্ব না দেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। মেডিকেল কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তে গঠিত এ কমিটি বলেছে, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত কমিটি গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ প্রতিবেদন জমা দিয়েছে।১৬ জুলাই ৬০টি পদে মেডিকেল কর্মকর্তা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকক্ষে বিশৃঙ্খলার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে এবং ঘটনা তদন্তে কমিটি গঠন করে।তদন্ত কমিটি বলেছে, পরীক্ষাকক্ষে আতিকুল হক (সহকারী অধ্যাপক, মেডিকেল পরিসংখ্যান), বিজয় কুমার (সহকারী অধ্যাপক, মেডিকেল শিক্ষা), আবু জাফর চৌধুরী (সহকারী অধ্যাপক, অর্থোপেডিক), আরিফুল ইসলাম জোয়ারদার (কনসালটেন্ট, কার্ডিওলজি) ও মনোয়ার হোসেনের (মেডিকেল কর্মকর্তা, কার্ডিওলজি) আচরণ ছিল সন্দেহজনক।কমিটি এই পাঁচজনকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংশ্লিষ্ট কাজে জড়িত না করার সুপারিশ করেছে। এই পাঁচজনসহ উপ-রেজিস্ট্রার জিল্লুর রহমান ভূইয়া ও উপপরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হাকিমকে সতর্ক করে চিঠি দিতে বলেছে।