মেডিকেলে ভর্তি-প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়
আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির জন্য পরীক্ষা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, মন্ত্রণালয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সর্বসাধারণকে জানানো হবে।গত রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সরকারের চার বছরে স্বাস্থ্য খাতের অর্জন তুলে ধরার উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে।ব্রিফিংয়ের একপর্যায়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আগামী বছর এমবিবিএসে ভর্তি মেধার ভিত্তিতে হবে, নাকি পরীক্ষা হবে? উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে নতুন সচিব দায়িত্ব নিয়েছেন। শিগগিরই সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।সরকারের চার বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্যসেবায় আমাদের এগিয়ে চলা শিরোনামের পুস্তিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। রুহুল হক পুস্তিকার তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। স্বাস্থ্য খাতে ভালো কাজের স্বীকৃতি, জনবল নিয়োগ, কমিউনিটি ক্লিনিকের সফলতাসহ নানা তথ্য তুলে ধরেন তিনি।