দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্য থেকে সৃজনশীল মেধা অন্বেষণ করবে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।এখন থেকে প্রতিবছর উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৯৬ জন প্রতিযোগীর মধ্য থেকে তিনটি দলে চারটি বিষয়ে ১২ জন শিক্ষার্থীকে জাতীয় বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে। তাদের এককালীন বিশেষ মেধাবৃত্তি দেওয়া হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় ‘সৃজনশীল মেধা অন্বেষণ ২০১২’ শীর্ষক নীতিমালা চূড়ান্ত করা হয়।নীতিমালা অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার বিষয় চারটি হলো: ভাষা ও সাহিত্য (বাংলা ও ইংরেজি), বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান), গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ (ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি ও সমাজবিজ্ঞান)। এ জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় বাছাই কমিটি ও স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। সভায় অধ্যাপক আনিসুজ্জামান, শিক্ষসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, শিল্পী মুস্তাফা মনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রমুখ উপস্থিত ছিলেন।