মেনোপজ সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান
নারীর জীবনের একটি অধ্যায়ে স্বাভাবিক নিয়মেই ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। এতে শারীরিক ও মানসিক কিছু পরিবর্তন দেখা দেয়। তবে এ জন্য বেশির ভাগ নারীরই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। বিষয়টি নিয়ে নারী আগে থেকে সচেতন থাকলে পরিবর্তন ও উপসর্গগুলোও তেমন একটা কষ্টদায়ক হয় না।বাংলাদেশ মেনোপজ সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। তাঁরা মেনোপজ নিয়ে শুধু নারী নয়—স্বামী, পরিবারের অন্যান্য সদস্য এবং সমাজকেও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।বিশ্ব মেনোপজ দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে আগারগাঁওয়ে আণবিক শক্তি কমিশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, মেনোপজ সব নারীর জীবনেই আসবে। তাকে এড়ানোর কোনো সুযোগ নেই। তাই জীবনের এই বাস্তবতাকে কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে সচেতন হতে হবে। সমস্যা হলে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ গ্রহণ করা জরুরি। প্রতিমন্ত্রী বলেন, নারীকে কেন্দ্র করেই পরিবার টিকে থাকে। তাই নারীর জীবনের একটি বিশেষ পর্যায়ে পরিবারের সবার উচিত তাঁর বাস্তব সমস্যাকে উপলব্ধি করা ও পাশে থাকা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেনোপজ সোসাইটির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক শাহ্লা খাতুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটির আজীবন সদস্য চিকিৎসক ফওজিয়া হোসেন। সভায় সোসাইটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সুরাইয়া রহমান, চিকিৎসক হামিদা বানু প্রমুখ আলোচনায় অংশ নেন।