মেলা আজ সকাল থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে বইমেলার দুই প্রান্তে দুই রকমের পরিবেশ। একাডেমি প্রাঙ্গণে সরকারি ও বিভিন্ন সংস্থার স্টল। সেখানে রাজনৈতিক দলগুলোর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্টলও রয়েছে বেশ কয়েকটি। মেলার অপর প্রান্ত সোহরাওয়ার্দী উদ্যানে, বিভিন্ন প্রকাশনার স্টল সেখানে।

একাডেমি প্রাঙ্গণে রাজনৈতিক দলগুলোর স্টলের সামনে দলীয় লোকজনের উপস্থিতি থাকে। এ ছাড়া অন্যান্য স্টলের সামনে লোকসমাগম নেহাত কম। এ ছাড়া মূল মঞ্চের আলোচনা পর্বে বক্তাদের সামনে সারি করে পাতা চেয়ারগুলোর বেশির ভাগ খালিই পড়ে থাকে। শ্রোতা হাতে গোনা। বিকেলে সপরিবারে কেউ কেউ আসেন ভাষাশহীদদের ভাস্কর্যের সামনে ছবি তোলার জন্য। এই অংশ বেশ নিরিবিলি। গতকাল তৃতীয় দিনে সেখানে বহেড়াতলায় উদ্বোধন হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল।

সোহরাওয়ার্দী উদ্যানের অংশ অবশ্য বেশ জমজমাট থাকে। প্রথম দুই দিনের তুলনায় গতকাল লোকসমাগম কিছুটা কম ছিল। স্টল সাজানোর কাজও প্রায় শেষ। তবে মাঠ পরিচ্ছন্ন করা এবং খানাখন্দ ভরাট করে সমতল করা হয়নি। আজ মেলার প্রথম শুক্রবার। বেলা ১১টায় ফটক খুলবে। প্রকাশকেরা আশা করছেন, লোকসমাগমও হবে প্রচুর। মাঠের এসব অসুবিধা তাঁদের জন্য বেশ অস্বস্তিকর হবে।

অবসর প্রকাশনীর স্টলে মেয়ে মারিশাকে নিয়ে বই বাছাই করছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক কানিজ ফাতেমা। তাঁরা ঢাকার আজিমপুরে থাকেন। মারিশা ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। পছন্দের কমিকসের অনেক বই কিনেছে সে। কানিজ ফাতেমা বলেন, মেয়ের তাড়াতেই মেলায় এসেছেন। শুক্রবার ছুটি হলেও ভিড়ভাট্টা তাঁর পছন্দ নয়। তাই আগেই এসেছেন। মেলার মাঠের অবস্থা আরেকটু ভালো হতে পারত বলে তাঁর মন্তব্য।

নতুন বই

মেলায় নতুন বইয়ের সংখ্যা বাড়ছে। তথ্যকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার নতুন বইয়ের নাম জমা পড়েছে ৪১টি। এ ছাড়া মোড়ক উন্মোচন হয়েছে সাতটি বইয়ের। প্রথমা এনেছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের দুটি বই—একলা মানুষ কবরী এবং সীমানা পেরিয়ে রুনা লায়লা। মতিউর রহমান দেশের মিষ্টি মেয়েখ্যাত চিত্রনায়িকা কবরী ও রুনা লায়লার দুটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন। তাতে উঠে এসেছে তাঁদের শিল্পচর্চার ক্ষেত্রে অনেক সংগ্রাম ও চড়াই–উতরাই পেরিয়ে আসা এবং ব্যক্তিজীবন ও পরিবারকে নিয়ে অনেক কথা। এ ছাড়া উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আগামী প্রকাশন এনেছে হাসনাত আবদুল হাইয়ের শিল্পকলাবিষয়ক সবার জন্য মুক্তিযুদ্ধ, ড. নেহাল করিম সম্পাদিত আহমদ শরীফ শতবর্ষ স্মারকগ্রন্থ। বেহুলা বাংলা এনেছে সোহরাব পাশার কবিতাগ্রন্থ নিদ্রিত পাখির গান এবং মোহিত উল আলমের উপন্যাস বিকেল মাতোয়ারা। রোদেলা এনেছে ড. মিজানুর রহমানের গবেষণাগ্রন্থ বাতুল থেকে বাউল। স্বপ্ন ’৭১ এনেছে সন্তস্য রওশনের মুক্তিযুদ্ধবিষয়ক বই নোটুর একটি রাইফেল। ঐতিহ্য এনেছে ইরা আফতাব হোসেনের ইরানি দাস্তান। ছাপাখানার ভূত এনেছে সাজ্জাদ হুসাইনের সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বই সৌমিত্রাক্ষর। কথাপ্রকাশ এনেছে হরিশংকর জলদাসের প্রবন্ধ বর্ণবৈষম্যের শেকড়বাকড়।