মেলামিন পণ্য তৈরির তিন প্রতিষ্ঠান সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই ইউরিয়া মোল্ড ও রেজিং ব্যবহার করে মেলামিন পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা ও কারখানা সিলগালা করে দিয়েছেন আদালত। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন।গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত কামরাঙ্গীরচরের দক্ষিণ হুজুরপাড়া এলাকার গোল্ডেন মেলামিন নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত দেখতে পান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ওই প্রতিষ্ঠান ইউরিয়া মোল্ড ও রেজিং ব্যবহার করে বিভিন্ন মেলামিন পণ্য তৈরি করছে। এ ছাড়া সেখানে কোনো রাসায়নিক বিশেষজ্ঞও নেই। এসব অভিযোগে আদালত ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেন। পরে আদালত একই এলাকার তীর মেলামিন ইন্ডাস্ট্রিজে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানটিও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মেলামিন পণ্য তৈরি ও বাজারজাত করছে বলে প্রমাণ পান আদালত। আদালত এ প্রতিষ্ঠানকে সিলগালা করে দেন।একই আদালত পরে কামরাঙ্গীরচরের আল ঈমাম মসজিদ রোডে (নদীরপাড়) অবস্থিত মোস্তফা মেলামিন নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানেও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ইউরিয়া মোল্ড ও রেজিং ব্যবহার করে মেলামিন পণ্য তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। আদালত ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।আদালত একই এলাকার থ্রিস্টার স্ক্রিন প্রিন্ট নামের একটি ডায়িং কারখানায় অভিযান চালান। ওই প্রতিষ্ঠানেরও বিএসটিআইয়ের লাইসেন্স ছিল না। আদালত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ প্রথম আলোকে বলেন, মেলামিন কারখানাগুলো বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে ইউরিয়া মোল্ড ও রেজিং ব্যবহার করে পণ্য তৈরি ও বাজারজাত করে আসছিল।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, মেলামিন কারখানা তিনটিতে রাসায়নিক পদার্থ ব্যবহারের জন্য কোনো বিশেষজ্ঞ ছিল না। কত মাত্রায় কোন পদার্থ ব্যবহার করতে হবে তা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জানা নেই। এসব অভিযোগে প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে।