মেলায় গিয়ে লাশ হয়ে ফিরলেন গৃহবধূ
দুই মেয়ে ও স্বজনদের নিয়ে বাণিজ্য মেলায় গিয়েছিলেন গৃহবধূ মোরশেদা সুলতানা (৩৫)। আর ফিরলেন লাশ হয়ে। গত সোমবার মেলার বিনোদন পার্কের রোলার কোস্টার থেকে পড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মোরশেদাকে হাসপাতালে নিয়ে আসেন। রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, সোমবার সন্ধ্যার দিকে দুই মেয়ে, মা ও খালাকে নিয়ে বাণিজ্য মেলায় যান মোরশেদা। সেখানে গিয়ে বিনোদন পার্কের রোলার কোস্টারে ওঠেন তাঁরা। কোস্টার চলতে থাকলে একপর্যায়ে মোরশেদার গায়ের চাদর কোস্টারের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মোরশেদা কোস্টার থেকে ছিটকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।মেলার পরিচালক এস এম এহসান কবীর বলেন, ওই নারী ‘হার্ট ফেইল’ করে নিচে পড়ে গেছেন বলে তিনি শুনেছেন। মোরশেদা পরিবারের সঙ্গে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় থাকতেন।