মেলায় তিন দিনে ৩১ লাখ টাকার সবজি বিক্রি

শাকসবজি আবাদে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান, জেলা ও মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে শুরু হওয়া তিন দিনের সবজি মেলা শেষ হলো। এবার মেলায় ৩১ লাখ ৪৭ হাজার টাকার সবজি বিক্রি হয়েছে, যা গতবারের চেয়ে প্রায় দেড় লাখ টাকা বেশি। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে এবার নিয়ে ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।

মেলায় সরকারি ৯টি ও বেসরকারি ৩৭টি প্রতিষ্ঠানের মোট ৪৬টি স্টল অংশগ্রহণ করে। এবারের প্রতিপাদ্য, ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’। শাকসবজি আবাদে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান, জেলা ও মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সবজি উৎপাদন বৃদ্ধি ও দেশের সবজির চাহিদা পূরণে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে প্রথম হয়েছে চুয়াডাঙ্গা, দ্বিতীয় নারায়ণগঞ্জ এবং তৃতীয় ঠাকুরগাঁও জেলা। সবজি ও সবজি বীজ উৎপাদনে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে মেহেরপুর। সবজি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে পুরস্কৃত করা হয়েছে।

জাতীয় পর্যায়ে ২০২১ সালে শাকসবজি আবাদে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিপর্যায়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল হালিমকে প্রথম পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মো. আবদুল বাছির। তৃতীয় হয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কামরুল আহসান এবং টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মো. মিজানুর রহমানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

স্টলের যথার্থতা, সাজসজ্জা, প্রদর্শিত দ্রব্যের মান ও পরিমাণ এবং প্রযুক্তিগত উৎকর্ষতা উপস্থাপন করে জাতীয় সবজি মেলা ২০২২-এ অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সরকারি পর্যায়ে প্রথম হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। দ্বিতীয় হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং তৃতীয় হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর (ড্যাম)।

বেসরকারি পর্যায়ে প্রথম হয়েছে গ্রিন সেভারস অ্যাসোসিয়েশন, দ্বিতীয় হয়েছে কৃষক বাংলা অ্যাগ্রো প্রোডাক্টস এবং তৃতীয় বায়োটেক মাশরুম। এ ছাড়া প্যাভিলিয়ন পর্যায়ে প্রথম হয়েছে এসিআই সিড, দ্বিতীয় মেটাল অ্যাগ্রো লিমিটেড এবং তৃতীয় বিআরএসি সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। মেলায় অংশগ্রহণকারী অন্য সব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রযুক্তি প্রদর্শনী ও নান্দনিকতা বিবেচনায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) শরিফা খানসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।