মেলায় প্রতিবন্ধী বইপ্রেমীদের জন্য হুইলচেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন দৃশ্য এবারই প্রথম। টিএসসির মোড়ে বইমেলার তোরণের সামনে নীল রঙের টি-শার্ট গায়ে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন তাঁরা হুইলচেয়ার নিয়ে। বাংলা একাডেমির অমর একুশের গ্রন্থমেলায় প্রতিবন্ধী বা চলতে-ফিরতে কষ্ট হয় এমন গ্রন্থানুরাগীদের জন্য এই হুইলচেয়ারের ব্যবস্থা।
আগেই একাডেমির তরফ থেকে জানানো হয়েছিল এবার টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কে কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। সে কারণে চলাচলে অসমর্থ লোকের সুবিধার্থে হুইলচেয়ারের ব্যবস্থা করা হবে। হুইলচেয়ারগুলোর ব্যবস্থা করেছে একাডেমি আর স্বেচ্ছাশ্রম দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সংগঠন সুইচ।
গতকাল মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনে প্রথম পাঁচটি হুইলচেয়ার নিয়ে টিএসসি মোড়ে বেলা তিনটা থেকে অপেক্ষা করছিলেন সুইচের কর্মীরা। তাঁদের দশজনের দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মুঈনুল ফয়সাল। প্রথম আলোকে তিনি জানান, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা প্রতিবন্ধীদের সেবা দেবেন। টিএসসি প্রান্তে পাঁচটি ও দোয়েল চত্বর প্রান্তে পাঁচটি মোট দশটি হুলইচেয়ার থাকবে। মেলার শেষে এগুলো একাডেমিতে ফেরত দেওয়া হবে। ২০১১ সালে তাঁরা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করেছেন।