মেলায় বসন্ত উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত উৎসবের আমেজ ছড়িয়েছিল গতকাল শনিবার বেলা শেষে অমর একুশে বইমেলায়। সোহরাওয়ার্দী উদ্যানের গাছপালায় নবীন পাতার আড়ালে বসে থেমে থেমে কোকিল ডাকে। প্রায়ই তা মেলার ক্রেতা–দর্শনার্থীদের শ্রবণ ছুঁয়ে যায়। আর বিকেলে টিএসসির মোড়ে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত বসন্ত উৎসবে গান শোনায় সমগীত নামের এক সংগীত সংগঠন। সেই সুরের বিস্তার ঘটে মেলা প্রাঙ্গণেও।

গতকাল ছুটির দিনে মেলা খুলেছিল সকাল থেকেই এবং অনেক লোকসমাগম হয়েছে দিনভর। বিক্রিও হয়েছে ভালো। তবে শেষাবধি এবারের মেলামাঠের ব্যবস্থাপনা, বইয়ের মান, মঞ্চের আলোচনা, মোড়ক উন্মোচন—এসব নিয়ে অসন্তুষ্টির কথা বললেন লেখক–প্রকাশকেরা। মেলার মাঠে থাকা খানাখন্দ নিয়ে শোনা গেছে অনুযোগ। চলার পথে ইট বিছানো হয়নি। প্রবেশপথেরর ইট উঠে এবড়োখেবড়ো হয়, মেরামত হয়নি। এ নিয়ে অসন্তুষ্টির কথা বললেন লেখক জাকিয়া খান। বললেন, এত বছর ধরে বাংলা একাডেমি মেলা করছে, কিন্তু লোকজনের সুবিধা–অসুবিধার কথা তারা এবার ভাবেইনি। ছুটির দিনগুলোতে ধুলোও উড়ছে প্রচুর। ব্যবস্থাপনা খুব বাজে।

সানিডেইল স্কুলের শিক্ষক ও লেখক জাকিয়ার মুক্তিযুদ্ধবিষয়ক দুটো বই এসেছে এবারের মেলায়। বিদ্যাপ্রকাশ এনেছে যুদ্ধদিনের স্মৃতি আর সিঁড়ি এনেছে মুক্তিযুদ্ধে এক কিশোর।

শুধু মাঠ নয়, এবার প্রথম থেকেই শৌচাগারের অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ ছিল বিস্তর। এখন অপ্রতুলতার কথাও বলছেন অনেকে। ঐতিহ্য প্রকাশনীর প্যাভিলিয়নের ব্যবস্থাপক আমজাদ হোসেন খান বললেন, মেলার পরিসর বিশাল। মাত্র দুটি শৌচাগার করা হয়েছে দক্ষিণ প্রান্তে। উত্তর ও পশ্চিম দিক থেকে স্টল–প্যাভিলিয়নের কর্মীদের বা মেলার গ্রন্থানুরাগীদের অনেকটা পথ পার হয়ে সেখানে যেতে হয়। ছুটির দিনগুলোতে দুর্ভোগ হচ্ছে বেশি।

মেলা প্রাঙ্গণে কথা হলো কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে। এবার মেলায় কবি প্রকাশনী থেকে এসেছে তাঁর নতুন কাব্যগ্রন্থ অস্ত্র ভাঙার মুহূর্ত, দ্বিতীয় সংস্করণ চলছে। তিনি বললেন, এবার বইয়ের মান তুলনামূলকভাবে গত বছরের চেয়ে ভালো। তবে নিম্নমানের বই এত বেশি যে ভালো বই পেতে পাঠকেরা বিভ্রান্ত হন। বাংলা একাডেমির ভালো বইয়ের প্রচারে প্রতি কোনো উদ্যোগ নেই। গতানুগতিকভাবে মাইকে নতুন বইয়ে তালিকা প্রচার না করে বরং মেলার মাঠে তারা একটি ডিজিটাল বোর্ড করতে পারে। বই বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। প্রতিদিনে তালিকা থেকে তারা বই বাছাই করবে। তিনি বললেন, এবার ‘লেখক বলছি’ মঞ্চের আলোচনা পাঠকদের আকর্ষণ করেনি। লেখক বাছাই করতে গিয়ে ব্যক্তিগত পছন্দ এবং রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেওয়া হয়েছে। মোড়ক উন্মোচন মঞ্চে কোনো নিয়মনীতি নেই। বিশৃঙ্খল অবস্থা। মূলমঞ্চের আলোচনাও অধিকাংশ ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উচ্চমান অর্জন করেনি। স্টালিন বললেন, ‘গৌণ লেখক এমনকি, একাডেমির নিচের সাধারণ কর্মীরাও আলোচক হিসেবে অংশ নিয়েছে। এসব বিষয়ে যথাযথ পরিবর্তন না আনলে মেলার মান, প্রকাশনা সবই পড়ে যাবে। এ থেকে সাহিত্যের কোনো উন্নতি হবে না।’

নতুন বই

গতকাল মেলায় নতুন বই এসেছে ৮০টি। প্রথমার স্টলে ভালো চলেছে সুফিয়া খাতুনের জীবনী জীবন নদীর বাঁকে বাঁকে, মজিবর রহমানের বাংলাদেশের জন্মকথা: কিশোর ইতিহাস, মোহাম্মদ এমদাদুল ইসলামের কঙ্গোতে শান্তিরক্ষী বাহিনীর রোমাঞ্চকর অভিযানের কাহিনি মানুষখেকোদের সঙ্গে জঙ্গলজীবন। অবসর এনেছে মলয় পাঁড়ে অনূদিত চার্লস ডয়লির ঢাকা: স্মৃতিময় নগরী, অভিযান এনেছে বাংলা সাহিত্যের প্রথম নারী লেখিকা রাসসুন্দরী দাসীর আত্মজীবনী আমার জীবন, চন্দ্রাবতী একাডেমি এনেছে রোমেন রায়হানের ছড়াসমগ্র-১, আবিষ্কার এনেছে রাহাত খানের সেরা গল্প, জয়তী এনেছে জি এইচ হাবিবের শিশুতোষ বই চিতাবাঘের ঢোল, অনন্যা এনেছে ফরিদুর রেজা সাগরের স্মৃতি গদ্য প্রিয় মানুষ, শ্রাবণ এনেছে রাজনীতিবিষয়ক ৬-দফা বনাম পূর্ব বাংলার জাতীয় মুক্তি আন্দোলন, আদর্শ এনেছে ফরিদা আখতার ও ফরহাদ মজহারের নারীবিষয়ক পুরুষতন্ত্র ও নারী, বেহুলাবাংলা এনেছে টুটুল রহমানের উপন্যাস পুরুষ পাখির ডানা, সমগ্র প্রকাশন এনেছে জুলফিকার মতিনের কাব্যসংগ্রহ, ঐতিহ্য এনেছে আপেল মাহমুদের গবেষণা বাংলায় ইহুদি সম্প্রদায়, শোভা প্রকাশ এনেছে আবদুল হাই শিকদার সম্পাদিত ভাষা আন্দোলনের ইতিহাস: যে প্রাণ অফুরান, অনন্যা এনেছে নাসির আহমেদের কবিতা সংগ্রহ ৩, শান্তির প্রবেশ এনেছে রাসেল আশেকীর তিন পর্বের কাব্যগ্রন্থ নামহীন মহাকাব্য, ভালোবাসার সিলমোহর ও ভাবতরঙ্গের আলো।

বাংলা গানের ইতিহাস

আমাদের বাংলা গানের বয়স কত? উত্তরটা আমাদের জানা নেই। বাংলা গানের ইতিহাস গ্রন্থে সেই উত্তর খুঁজেছেন গবেষক গোলাম মুরশিদ। প্রথমা প্রকাশন বইটি এনেছে এবারের বইমেলায়।

ভাষা না হলে গান হবে কী করে? কাজেই বলা যেতে পারে, বাংলা ভাষার জন্মের পর বাংলা গানের সৃষ্টি। আমাদের ভাষার বয়স এখনো হাজার বছর হয়নি। কিন্তু বয়স যা-ই হোক, এ ভাষায় বিচিত্র ধরনের গান লেখা হয়েছে! এ বইয়ে চর্যাপদ থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা গানের জন্ম এবং বিবর্তনের কথা বলা হয়েছে। কীভাবে তার অঙ্কুরোদ্‌গম ও বিকাশ ঘটল, কোন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তা বিভিন্ন শাখায় বিভক্ত হলো—এ বই থেকে আমরা তা জানতে পারব। বাংলা গান এবং তার ইতিহাস সম্পর্কে এযাবৎ অনেক বই লেখা হয়েছে। এ বই তা থেকে আলাদা। লেখক এ বই লিখেছেন একেবারে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে।