মেলায় ভিন্ন আমেজ
অমর একুশে বইমেলায় গতকাল সোমবার ছিল আলাদা রকমের ভাবাবেগ। যেখানে মেলার প্রধান অংশ, সৃজনশীল প্রকাশকদের স্টল-প্যাভিলিয়ন, সেই সোহরাওয়ার্দী উদ্যানেই ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তাঁর বজ্রনির্ঘোষ কণ্ঠে ঘোষিত হয়েছিল বাঙালির মুক্তি ও স্বাধীনতার বার্তা। সেই স্থানে এখন বসেছে বাঙালির মেধা–মনন–সৃজনশীলতার বড় আয়োজন, প্রাণের মেলা।
গতকাল অনেকেই মেলায় এসেছিলেন এই দিনটিকে স্মরণ করেই। বিকেলে বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের ভাস্কর নভেরা প্রদর্শনীকক্ষে এ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিশু-কিশোর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এর উদ্বোধন করেন। চলবে মেলার শেষ দিন পর্যন্ত। এ ছাড়া সন্ধ্যায় মেলার বঙ্গবন্ধু জন্মশতবর্ষের প্যাভিলিয়নে অনেকেই এসেছিলেন। বঙ্গবন্ধুর আলোকচিত্র দেখেছেন, ছবি তুলেছেন। সন্ধ্যার পরে একটু আতশবাজি হলো স্বাধীনতাস্তম্ভের পাশে। এখানেই কথা হয় রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবেদা সুলতানার সঙ্গে। তিনি বললেন, করোনার কারণে গত দুবার মেলায় আসতে পারেননি। এবার ভেবেই রেখেছিলেন ৭ মার্চ মেলায় আসবেন। এ জন্য অন্য কোনো কাজ রাখেননি। তাঁর কথা, পুরোনো বন্ধু অনেকের সঙ্গে দেখা হয়েছে। কিছু বই কিনেছেন আর স্টলগুলো থেকে ক্যাটালগ নিয়েছেন। এত বই হাতে নিয়ে ঘোরা যায় না। তাই পরে অনলাইনে কিনবেন।
গতকাল সন্ধ্যায় লিটল ম্যাগাজিন চত্বরও বেশ জমজমাট হয়ে উঠেছিল। সাহিত্যের ছোটকাগজের লেখক-সম্পাদক আর পাঠকেরা এবার বেশ সন্তুষ্ট। মেলার সামনের অংশেই তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। রনি অধিকারী সম্পাদিত পত্রিকা অনুভূতি-এর নতুন সংখ্যা এসেছে কবিতায় জাদুবাস্তবতা নিয়ে। এখানে কথা হলো কবি নাহার আহমেদের সঙ্গে। তিনি বললেন, ‘এবার লিটল ম্যাগাজিন চত্বর সামনের দিকে করা হয়েছে। মনে হচ্ছে সাহিত্যের ছোটকাগজের মূল্যায়ন হয়েছে। তবে আগের দিন একাডেমি চত্বরের বহেড়াতলায় লিটলম্যাগ চত্বরের যেমন একটা আমেজ ছিল, সেটা মিস করছি।’ ভ্রমণসাহিত্য নিয়ে কাজ করছেন কবি মাহমুদ হাফিজ। তাঁর সম্পাদনায় ভ্রমণগদ্যের দুটি নতুন সংখ্যা এসেছে মেলায়। তিনি বললেন, লিটল ম্যাগাজিনের নিজস্ব পাঠকগোষ্ঠী আছে। তাঁরা নিয়মিতই আসছেন চত্বরে, নতুন–পুরোনো সংখ্যাগুলো কিনছেন, ছোটকাগজের বিক্রি ভালোই।
নতুন বই
গতকাল মেলায় নতুন বই এসেছে ৬৭টি। প্রথমা প্রকাশন এনেছে আবুল বাসার অনূদিত বিজ্ঞানের বই মিচিও কাকুর দ্য গড ইকুয়েশন: থিওরি অব এভরিথিংয়ের খোঁজে। নাগরী এনেছে কবি মোহাম্মদ রফিকের গদ্যগ্রন্থ পথিক পরান-৩, চন্দ্রবিন্দু এনেছে ওমর কায়সারের গল্পগ্রন্থ প্রেম ও সম্পর্ক, দেশজ এনেছে মুহম্মদ মতিউর রহমানের প্রবন্ধ আশির দশকের কবি ও কবিতা, ক্রিয়েটিভ ঢাকা এনেছে নাসরীন জাহানের উপন্যাস চন্দ্রলেখার জাদুবিস্তার, বাতিঘর এনেছে কাজী এম আনিছুল ইসলাম, সাইফুল সামিন ও মো. সুমন আলীর লেখা বই অনলাইন সাংবাদিকতা: পাঠ ও প্রয়োগ, বাংলার প্রকাশন এনেছে সেলিনা আক্তার বানুর কবিতা জীবনের কথা, স্বপ্ন’৭১ এনেছে আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারের মুক্তিযুদ্ধবিষয়ক দ্য কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ, এশিয়া পাবলিকেশন এনেছে ফারজানা আহমেদের উপন্যাস বালিকা বধূ, উৎস এনেছে মোকারম হোসেনের বঙ্গবন্ধুর বৃক্ষ ও প্রকৃতি ভাবনা, আইডিয়া প্রকাশন এনেছে উমর ফারুকের শিশুতোষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী।
আড়িয়াল খাঁ
১৯৮১ সালের ৩০ মে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরের সন্ধ্যা। বরিশালের হিন্দু-অধ্যুষিত ভাটিখানার ১৩ বছরের ছেলে জাহেদ তার বাবার সঙ্গে যাচ্ছে আড়িয়াল খাঁ। তার মালেক হুজুর তাকে বলেছেন, ‘তুমি নদীর জ্বেলেন্ত পানি ধরবা আর কিছুই পাইবা না।’ জানা গেল প্রেসিডেন্ট জিয়া চট্টগ্রামে মারা যাননি। তিনি বৃষ্টির মধ্যে পালিয়ে এসেছেন তারই কাটা লাখুটিয়ার খালে। চলছে জিজ্ঞাসাবাদ। নৌপুলিশ নৌকা থামিয়ে জিজ্ঞাসা করছে, সে কি জানে দেশের প্রেসিডেন্ট কোথায়? তারপর গোলাগুলির প্রচণ্ড আওয়াজ। এই নিয়ে মাসরুর আরেফিনের ভিন্ন স্বাদের নতুন উপন্যাস আড়িয়াল খাঁ। গতকালই বইমেলায় এনেছে কথাপ্রকাশ।