মেশিন নষ্ট, তাই রোগনির্ণয় হয়নি তারেক সাঈদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআরআই মেশিন নষ্ট, তাই রোগনির্ণয় হয়নি। এ কারণে তারেক সাঈদ গতকাল রোববারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘চিকিৎসাধীন’ ছিলেন। তবে কারাবিধি লঙ্ঘন করছেন কি না, তা দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেসার আলম গতকাল তারেক সাঈদের কক্ষ পরিদর্শন করেছেন।
গত ৩ জানুয়ারি বুকে ব্যথার অভিযোগ করায় কারা কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে সাত খুন মামলার চার্জশিটভুক্ত আসামি তারেক সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ‘পিঠে ব্যথা’ ওঠায় তিনি নিউরোসার্জারিতে ভর্তি হন।
গতকাল নিউরোসার্জারি বিভাগের প্রধান মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উনার কোমরের একটা এমআরআই করতে দেওয়া হয়েছে। হাসপাতালের যন্ত্রটি বেশ কিছুদিন ধরে নষ্ট। আমরা বাইরের কোনো একটি সরকারি হাসপাতালে পরীক্ষাটা করানোর সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ ধরনের বন্দী হওয়ায় তাঁকে বাইরে পাঠাতে কিছুটা সময় লাগছে।’
কারাধ্যক্ষ নেসার আলম বলেন, তারেক সাঈদ প্রথম শ্রেণির বন্দী হওয়ায় কিছু বিশেষ সুবিধা পাচ্ছেন। প্রথম শ্রেণির কর্মকর্তা বরখাস্ত হলেও বিচার চলার সময় বিশেষ সুবিধা পান। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকার সুযোগ পান কি না, জানতে চাইলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তারেক সাঈদ কোথায় থাকবেন, তা ঠিক করেছে। এ বিষয়ে তাঁর কিছু বলার নেই। তারেক সাঈদ কারাবিধি লঙ্ঘন করছেন কি না, মূলত তা দেখতেই তিনি গতকাল পরিদর্শনে গিয়েছিলেন বলে জানান। তাঁর চোখে কোনো অসংগতি ধরা পড়েনি বলেও তিনি উল্লেখ করেন।