মেহেদী হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিনজন গ্রেপ্তার
গাড়িচালক মেহেদী হাসান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে। র্যাব সূত্র জানায়, ২১ ডিসেম্বর রাজধানীর তুরাগের ষোলাহাটি এলাকায় গাড়িচালক মেহেদী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেপ্তার করতে র্যাব গোয়েন্দার সঙ্গে র্যাব-১-এর একটি দল তদন্ত শুরু করে। গত মঙ্গলবার বিকেলে র্যাব রাজশাহীর চারঘাট এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল ব্যক্তি জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন ও রুবেলকে গ্রেপ্তার করে। র্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তাঁরা মেহেদীর কাছ থেকে তাঁর গাড়িটি ছিনিয়ে নিতে তাঁকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাঁরা মেহেদীকে তুরাগের ষোলাহাটি জোহরারটেক মসজিদের পাশে বালুর মাঠে নিয়ে হত্যা করেন।