মোরশেদ যা জানতেন ২০ বছরেও জানল না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত নুবান আহমেদ
নিহত নুবান আহমেদ

১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর রাত ১১টায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক নুবান আহমেদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুবান মৃত্যুকালীন জবানবন্দি দেন। পুলিশ ও চিকিৎসকের উপস্থিতিতে নুবান বলেন, ‘মোরশেদ জানে। ঈর্ষা।’
তবে জবানবন্দির এই মোরশেদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুবানের সহকর্মী প্রভাষক এ কে এম মাহবুব মোরশেদ কী জানতেন, গত ২০ বছরেও তা আর জানা যায়নি। হত্যাকাণ্ডের কয়েক মাসের মাথায় ১৯৯৬ সালে এ কে এম মাহবুব মোরশেদ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। বিদেশে চলে গেছেন নুবান আহমেদের স্ত্রী কাজী সোহানা নাজনীন ও তাঁর বর্তমান স্বামী মোহাইমিুনর রহমান মিল্টন ওরফে মিলু। এমনকি অভিভাসন নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সুপার মো. নুরুল আমিনও।
এখন মামলার বিচার চলছে বটে, কিন্তু সাক্ষী হাজির করতে রাষ্ট্রপক্ষ এরই মধ্যে ১১৬ বার সময় প্রার্থনা করেছে। সাক্ষীর অভাবে মামলা এগোচ্ছে না।
মামলার অভিযোগপত্রে তিনজন আসামি। এতে বলা হয়েছে, হত্যার পেছনে রয়েছে নুবানের স্ত্রী কাজী সোহানা নাজনীনের সম্পর্ক। সোহানা ও তাঁর বর্তমান স্বামী মোহাইমিনুর রহমান পরস্পর যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং হত্যাকাণ্ডের পুরো ঘটনা প্রভাষক এ কে এম মাহবুব মোরশেদ জানতেন।
সোহানা নাজনীনের সঙ্গে মুঠোফোনে কথা হয় গত সোমবার সকালে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি সর্বান্তকরণে নুবান আহমেদ হত্যাকাণ্ডের বিচার চাই। নুবান খুন হওয়ার পাঁচ বছর পরও আমি দেশে ছিলাম। পাঁচ বছর প্রেম করে নুবানকে বিয়ে করেছিলাম। ভালো না লাগলে আলাদা হয়ে যেতাম। খুন করব কেন?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুব মোরশেদ খুনের পরপরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুব মোরশেদ খুনের পরপরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যান


গত বছরের ১৪ জুন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বলেন, ‘চার্জশিটে উল্লিখিত সাক্ষীদের আদালতে হাজির করার জন্য সমন, পরোয়ানা, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরও রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে এবং মামলার ফলাফল রাষ্ট্রের প্রতিকূলে গেলে এর দায় পুলিশ প্রশাসনের ওপর বর্তাবে।’ এই আদেশের অনুলিপি স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও তেজগাঁও থানায় পাঠানো হয়।
তবে এ ধরনের কোনো চিঠি তেজগাঁও থানায় পৌঁছানোর খবর জানা নেই তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব সরকারের। চিঠি পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুস সাত্তার বলেন, যে পুলিশ কর্মকর্তা অভিযোগপত্র জমা দিয়েছেন তাঁর সাক্ষ্য জরুরি। তাঁকে ছাড়া হত্যাকাণ্ডের রায় হওয়া ঠিক হবে না। পুলিশ নুরুল আমিনের গেন্ডারিয়ার বাসায় দুবার গেছে। তাঁর পরিবার জানিয়েছে, তিনি ডিভি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
কেন খুন হলেন নুবান?
অভিযোগপত্রে স্ত্রীর সম্পর্কের কারণে নুবান খুন হন বলে উল্লেখ করা হলেও নুবানের স্বজন, সহপাঠী ও বন্ধুবান্ধবের মতে, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও সন্ত্রাসনির্ভর রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্রদের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেও তিনি খুন হয়ে থাকতে পারেন।
খোঁজখবর নিয়ে জানা যায়, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন বিক্রি করার অভিযোগ উঠেছিল। এই অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মনোয়ার উদ্দীনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যে কমিটির কাছে সাক্ষ্য দেন নুবান আহমেদ। এতে তাঁর ওপর রুষ্ট হয়েছিলেন ওই শিক্ষক ও ছাত্ররা। মনোয়ার উদ্দীন আদালতে তাঁর সাক্ষ্যে বলেন, ‘নুবানের মৃত্যুর আগে বিভাগীয় ইনকোর্স পরীক্ষায় অনিয়মের কারণে কিছু ছাত্রের পরীক্ষা স্থগিত হয়েছিল। তাঁদেরই একজন নুবান আহমেদকে হুমকি দিচ্ছিলেন বলে পরে শুনেছি। এ ছাড়া একজন শিক্ষককেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।’

মামলার দুই আসামি কাজী সোহানা নাজনীন ও মোহাইমিনুর রহমান বিয়ে করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোহানা নিহত নুবানের স্ত্রী ছিলেন
মামলার দুই আসামি কাজী সোহানা নাজনীন ও মোহাইমিনুর রহমান বিয়ে করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোহানা নিহত নুবানের স্ত্রী ছিলেন

নুবান আহমেদ খুন হওয়ার পর তাঁর শ্বশুর কাজী শামসুল হুদা এজাহারে এবং সাক্ষ্যে বলেন, নুবানের অবস্থানের কারণে ১৫ জন ছাত্রের পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। ওয়াশিংটনে ডিটেকটিভ গ্লেন কার্নস ও অ্যাবট হ্যারিসের জেরার জবাবে এ কে এম মাহবুব মোরশেদও বলেন, খুন হওয়ার আগে নুবান আহমেদ বলেছিলেন কিছু ছাত্র হুমকি দিচ্ছেন। ইন্টারপোলের মাধ্যমে অনুরোধ পাঠিয়ে মোরশেদের এই সাক্ষ্য নেওয়া হয়।
নুবানের বড় বোন আসফিয়া সাবিনার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অসহযোগিতার কারণে নুবান হত্যাকাণ্ডের বিচার এগোচ্ছে না। প্রথম আলোকেতিনি বলেন, ‘নুবান খুন হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় আমাদের অসহযোগিতা করতে শুরু করে। যখনই পুলিশ জেরা করতে এসেছে, তখনই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সঙ্গে থাকতেন। সব সময় একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘হত্যাকাণ্ড যখনই হোক, তার বিচার হতে হবে। একটা ছেলে শিক্ষকতা শুরুর পরপরই খুন হয়ে গেল। বিচারের জন্য যা যা সহযোগিতা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত।’

সিআইডির কোনো বক্তব্য এ ব্যাপারে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম মাহবুব মোরশেদ ই-মেইলের জবাব দেননি।