মোহাম্মদপুরে দুর্বৃত্তের গুলিতে ভ্যানচালক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরে গত বুধবার মধ্যরাতে দুর্বৃত্তের গুলিতে সুমন হোসেন (৩০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার পুলিশ বলেছে, বুধবার রাত ১২টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোড সংলগ্ন বাঁশবাড়ী বস্তির কাছে এক সন্ত্রাসী বন্দুক দিয়ে আরেক সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি চালালে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ভ্যানচালক সুমনের ডান পায়ে লাগে।
সুমন হাসপাতালে বলেন, তিনি বাঁশবাড়ী বস্তিতে থাকেন। কাজ শেষে বস্তিতে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন।
মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ঘটনার পর দুই সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে তিনি তাদের নাম জানাতে অনীহা প্রকাশ করেন।