মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ জন আটক
রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় বুধবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের প্রধান বাবু ওরফে দশের বাবুসহ ৯ জনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে দু টি চাপাতি, ছয়টি ছুরি,একটি ইস্পাতের পাইপ ও একটি শেকল জব্দ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে অভিযোগ আসে, নবীনগর হাউজিং এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, বাড়িঘর ভাঙচুরসহ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-২ ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বুধবার দুপুরে নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় ‘লও ঠেলা’ গ্রুপের প্রধান বাবুসহ ৯ জনকে আটক করে র্যাব সদস্যরা। বাবুর অন্য সহযোগীরা হলেন মো. ফোরকান (২২), মো. পলাশ(২৩), মো. সুমন (২২), মো. সাগর (২৩) মো. রাজন (২৩), মো. নাজিম (২৪), মো. শাকিল (২০) ও মো. মিলন (২১)।
র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত বলেন, গ্রেপ্তার হওয়া অপরাধীরা জিজ্ঞাসাবাদে বলেছেন তারা ‘লও ঠেলা’ গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক কেনাবেচাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। লও ঠেলা গ্রুপের প্রধান বাবু জিজ্ঞাসাবাদে র্যাবকে বলেছেন, ২০০০ সালে মায়ের সঙ্গে নড়াইল থেকে ঢাকায় আসেন তিনি। প্রথমে তিনি তার মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। পরে তিনি গাড়ি চলকের সহকারী ও পরে হোটেলে পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন কাজ করেন।
আবু নাঈম মো. তালাত বলেন, বাবু এক সময় মাদকাসক্ত হয়ে পড়েন। মায়ের কাছে মাদক কেনার টাকা নিতে গেলে ঝগড়া লেগে যেত। চুরি, ছিনতাই করে মাদকের টকা সংগ্রহ করতেন। ২০১৪ সালে ‘ভাইব্বা ল কিং’ কিশোর গ্যাংয়ের সঙ্গে তার পরিচয় হয়। তিনি ওই গ্যাংয়ে যোগ দেন। ওই বাহিনীর হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কেনাবেচায় জড়িয়ে পড়েন। এই সময় অপরাধ জগতে তিনি ‘দশের বাবু’ নামে পরিচিতি পান।
র্যাব কর্মকর্তারা বলেন, অন্তর্দ্বন্দ্ব দেখা দিলে বাবু ‘ভাইব্বা ল কিং’ গ্রুপ থেকে আলাদা হয়ে যান। ২০১৭ সালে ‘লও ঠেলা’ কিশোর গ্যাং গড়ে তোলেন তিনি। ‘লও ঠেলা’ গ্রুপ মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বসিলা ও চাঁদ উদ্যান এলাকার ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও ছিনতাইসহ মোট ছয়টি মামলা রয়েছে। বাবুর সহযোগীরা ক্ষুদ্র ব্যবসা, অটোচালক, রিকশাচালক, গাড়ি চালক, দিন মজুরির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গ্রেপ্তার ফোরকানের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি, মো. পলাশের এর নামে হত্যা চেষ্টা, ও শাকিলের নামে মাদক দ্রব্য আইনে একটি মাদকের মামলা রয়েছে।