মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম
ফাইল ছবি

মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার আবেদন খারিজ করেছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

এর আগে মেয়র আতিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন আবদুল রহিম নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ভাষানটেক প্রকল্পের রূপকার বলে দাবি করেন।

বাদী আবদুর রহিমের জবানবন্দি প্রথমে রেকর্ড করেন ট্রাইব্যুনাল। তবে মামলার কোনো উপাদান না থাকায় বাদীর আবেদন সরাসরি খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

মামলা নেওয়ার আবেদনে বলা হয়, গত ২ জুন মেয়র আতিকুল গণমাধ্যমে বাদী আবদুর রহিম সম্পর্কে মানহানিকর বক্তব্য দিয়েছেন।

মামলা নেওয়ার আবেদনে বলা হয়, মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খাল দখল ও দূষণের এক উদাহরণ ভাষানটেক প্রকল্প। বস্তিবাসীর পুনর্বাসন করা হবে। রহিম নামের এক ব্যক্তি খালের ওপর অবৈধ স্থাপনা তৈরি করেছেন।

মামলার আবেদনে আরও বলা হয়, ২ জুন ভাষানটেক প্রকল্পের ভবন ভেঙে দিয়েছে ডিএনসিসি। এর মধ্য দিয়ে মেয়র আতিকুল ক্ষমতার অপব্যবহার করেছেন বলে মামলা নেওয়ার আবেদনে অভিযোগ করা হয়।

ট্রাইব্যুনালে বাদীর পক্ষে ছিলেন আইনজীবী ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম।