মেয়র আতিকুলের হুঁশিয়ারি ৭ দিনের মধ্যে রাস্তা পরিষ্কার না করলে ব্যবস্থা
আবাসন প্রতিষ্ঠানগুলোর মাটি ভরাটের কারণে অনেক রাস্তা নষ্ট ও খাল ভরাট হয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণকে কষ্ট দিয়ে হাউজিং ব্যবসা করা যাবে না। আবাসন প্রতিষ্ঠানগুলো সাত দিনের মধ্যে রাস্তা পরিষ্কার না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটির প্রধান কার্যালয় গুলশানের নগর ভবনে সংস্থার নতুন ১৮টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনকল্পে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মেয়র আতিকুল এসব কথা বলেন।
উল্লেখ্য, উত্তর সিটির সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের মধ্যে অপরিকল্পিতভাবে আবাসন প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ আছে। নতুন ওয়ার্ডগুলোর মধ্যে সাতারকুল, বেরাইদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, হরিরামপুর এলাকায় জলাবদ্ধতার জন্য আবাসন প্রতিষ্ঠানকে দায়ী করে আসছে উত্তর সিটি করপোরেশন।
আতিকুল ইসলাম বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কাজ চলছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে।
উত্তর সিটির মেয়র বলেন, নতুন ও পুরোনো উভয় অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা সমাধানের লক্ষ্যেই সাধারণ ও সংরক্ষিত মোট ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে ১০ লাখ টাকা করে থোক বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মেয়র দাবি করেন, অন্যান্য বছর সামান্য বৃষ্টিতেই উত্তর সিটির বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে যেত, জলজটে নগরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিতেও নগরবাসীকে জলজট সমস্যায় ভুগতে হচ্ছে না। তিনি বলেন, পহেলা জুন ঢাকায় প্রায় ৩ ঘণ্টা সময় ধরে রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা-১৮ আসনের সাংসদ মোহাম্মদ হাবিব হাসান, উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।