মেয়র খোকন বললেন ডেঙ্গুমুক্ত, কিন্তু এলাকায় ডেঙ্গু রোগী

চল্লিশ বছর বয়সী নারী ছায়া সূর থাকেন পুরান ঢাকার শাঁখারীবাজারে। তিন দিন আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এখন আছেন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে।
ছায়া সূর প্রথম আলোকে বললেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শরীর খুবই খারাপ। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর মতো শাঁখারীবাজারের আরও কেউ কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকাটি পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের মধ্যে।
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন যে ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত বলে ঘোষণা দিয়েছেন, তার মধ্যে একটি ৪২ নম্বর ওয়ার্ড।

শাঁখারীবাজারের খুব কাছেই ইসলামপুর। মা–বাবার সঙ্গে এখানে বসবাস করেন মোহাম্মদ জুয়েল (১৮)। কাজ করেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগে। ছয় দিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। এখন আছেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। জুয়েল প্রথম আলোকে বললেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরদিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুরান ঢাকার কবি নজরুল কলেজের ছাত্র নুরে আলম। তিনি থাকেন বংশালের বাগডাসা লেন। তিন দিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। নুরে আলম বললেন, তাঁর মতো কবি নজরুল কলেজের আরও কয়েকজন ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয় সভায় বৃহস্পতিবার মেয়র সাঈদ খোকন জানান, লালবাগ, নবাবপুর, গণকটুলী, ইসলামবাগ, বংশাল, ইংলিশ রোড, জিগাতলা, হাজারীবাগ কামরাঙ্গীরচর, ঢাকা কলেজ এলাকা, নিউমার্কেট, পূর্ব জুরাইন এলাকাগুলো এখনো ডেঙ্গুমুক্ত।
সাঈদ খোকন জানান, গত ১৭ থেকে ২৭ জুলাই দক্ষিণ সিটি করপোরেশনের ৩, ১৪, ১৮, ২২, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৩, ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড এলাকায় জরিপ চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরিপে উঠে এসেছে, ডেঙ্গু রোগের জন্য দায়ী এডিস মশার লার্ভার উপস্থিতি এসব ওয়ার্ডে পাওয়া যায়নি।

স্কুলছাত্রের আহ্বান
চার দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয় অষ্টম শ্রেণির ছাত্র ইসহাক ঢালী। সে তার মা–বাবার সঙ্গে রূপচান লেনে থাকে। পড়ে লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরি স্কুলে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর থেকে তার পাতলা পায়খানা হচ্ছে।
ডেঙ্গু রোগে আক্রান্ত ইসহাক বলল, ‘মেয়র সাহেবরা সুষ্ঠু পদক্ষেপ নিলে হয়তো আমাকে এখন এই হাসপাতালে থাকতে হতো না। আজ আমি সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারতাম।’ স্কুলছাত্র ইসহাক আরও বলল, ‘খবরের কাগজ, টেলিভিশনে দেখছি, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে মারা যাচ্ছেন। বলা হচ্ছে, ডেঙ্গু রোগী নেই। অথচ হাসপাতালে এসে দেখছি, কত ডেঙ্গু রোগী এখানে ভর্তি আছেন।’
ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মাহফুজ প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার অনেক লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন।
পুরান ঢাকার এই হাসপাতালে অন্তত ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।