মেয়র তাপসও দুষলেন মেট্রোরেল কর্তৃপক্ষকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ ফজলে নূর তাপস
ফাইল ছবি

মিরপুর এলাকায় জলাবদ্ধতার কারণে সৃষ্ট অসহনীয় ভোগান্তির জন্য মেট্রোরেল কর্তৃপক্ষকে দায়ী করে আসছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসও জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষকে দুষলেন।

মেয়র তাপস বলেছেন, চলমান মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পনির্ভর কাজ করা এবং সমন্বয়হীনতা ও সামগ্রিকভাবে চিন্তা না করার কারণেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গুচ্ছাকারে (পকেট) জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হচ্ছে।

আজ বুধবার দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সিটির ৩৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত টিকাটুলী খেলার মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘শনির আখড়ায় আমরা কাজলা খাল উদ্ধার করেছি। কিন্তু তারপরও পানিনিষ্কাশন পুরোপুরি হচ্ছে না। সেখানকার প্রতিবন্ধকতা হলো সেখানে প্রকল্প (মেট্রোরেল প্রকল্প) চলছে এবং সে কারণে পানিনিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না।’

মেয়র আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, দেনদরবার করছি। আসলে ঢাকা শহরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামগ্রিকভাবে চিন্তা না করে প্রকল্পনির্ভর কাজ করার কারণে সমস্যাগুলো রয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, যাতে সমন্বয় করে কাজ করা যায় এবং দীর্ঘ মেয়াদে সমস্যার সমাধান করা যায়।’

এ ছাড়া উন্মুক্ত জায়গায় বর্জ্য ফেলা, যত্রতত্র নির্মাণসামগ্রী ফেলে রাখা, প্লাস্টিক–জাতীয় পণ্যের কারণে নর্দমার মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সরেজমিনে দেখা যাচ্ছে, সেগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি।

নগরবাসী জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সুফল আগামী বছর থেকে পাওয়া শুরু করবে উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এ বছর সে কাজের সুফল না পেলেও আগামী বছরগুলোতে নগরবাসী তা পাওয়া শুরু করবে। অবকাঠামো উন্নয়নে যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে, তা শেষ হলেই নগরবাসী ক্রমান্বয়ে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি লাভ করবে।

এর আগে ১৩ নম্বর ওয়ার্ডে মুক্তাঙ্গন পার্কে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন এবং ফকিরাপুল মোড় থেকে মতিঝিল পেট্রলপাম্প এলাকা পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে উন্নয়নকাজ ও নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। পরে তিনি রায়েরবাগ থেকে শনির আখড়া পর্যন্ত কয়েকটি জলজটপ্রবণ এলাকা পরিদর্শন এবং আজিমপুর শিশুপার্কের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিম, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন ও মুন্সি মো. আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।