মেয়রের কাছে সিপিবির স্মারকলিপি নিয়ম ছাড়া বাড়িভাড়া বাড়ানো বন্ধের পদক্ষেপ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজধানীতে আইন ও নিয়মবহির্ভূতভাবে যথেচ্ছ বাড়িভাড়া বাড়ানো বন্ধের দাবি জানিয়েছে। এভাবে বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে নগর ভবন চত্বরে তারা বিক্ষোভ করেছে। পরে মেয়রের কাছে ওই দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হয়।বিক্ষোভের সময় নগর ভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সিপিবির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ও বাগিবতণ্ডার ঘটনা ঘটে। নেতা-কর্মীরা নগর ভবনের মূল ফটক জোরপূর্বক খুলে ভেতরে প্রবেশ করে বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। এই বিক্ষোভ চলাকালে মেয়র সাদেক হোসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ দুজনের কেউই নগর ভবনে উপস্থিত ছিলেন না। দুপুর পৌনে একটার দিকে মেয়রের একান্ত সচিব মীর মোস্তাফিজুর রহমান তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিপিবির অর্ধশতাধিক নেতা-কর্মী মুক্তাঙ্গনে জড়ো হয়ে নগরের সর্বত্র যথেচ্ছ বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সমাবেশে ১০ দফা দাবি উত্থাপন করে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। মেয়রের কাছে দেওয়া স্মারকলিপিতেও এসব দাবি জানানো হয়েছে। এই ১০ দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর করে প্রতি ওয়ার্ডে বাড়িভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ, প্রতিটি এলাকায় বাড়িভাড়ার তালিকা টাঙানো, বাড়িভাড়া নীতিমালা প্রণয়ন এবং বাড়িভাড়ার নিয়মকানুন সম্পর্কে প্রচার ও লিফলেট বিলি প্রভৃতি। মুক্তাঙ্গনে ও নগর ভবন প্রাঙ্গণের সমাবেশে বক্তারা বলেন, ভাড়াটেরা ভাড়া দেন কিন্তু বাড়ির মালিক কোনো রসিদ দেন না। কথায় কথায় বাড়িভাড়া বৃদ্ধি করেন। এই অবস্থার অবসান হওয়া দরকার। বক্তারা দাবিগুলো তুলে ধরে বলেন, ভাড়াটেদের বাড়িভাড়ার রসিদ প্রদান করতে হবে, নিয়মহীন বাড়ি ছাড়ার নোটিশ প্রদান ও বাড়ি ছাড়তে বাধ্য করা যাবে না এবং মালিক-ভাড়াটে সবার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এই দাবি না মানলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। মুক্তাঙ্গনের সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি দুপুর ১২টার দিকে মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে নগর ভবনে যায়। এ সময় নগর ভবনের নিরাপত্তাকর্মীরা মূল ফটক বন্ধ করে দেন। ফটক বন্ধের প্রতিবাদে নেতা-কর্মীরা সেখানে মুহুর্মুহু স্লোগান দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে নেতা-কর্মীরা ফটকটি জোরপূর্বক খুলে নগর ভবন প্রাঙ্গণে ঢুকে পড়েন। এরপর তাঁরা স্লোগান দিতে দিতে ভবনের সিঁড়ির ওপর গিয়ে সমাবেশ করেন। এখানে সংক্ষিপ্ত সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আশরাফ হোসেন, আহসান হাবিব, বিকাশ রায়, জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ চলাকালে মেয়রের একান্ত সচিব মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করলে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।